প্রীতি পোদ্দার, কলকাতা: পরিবেশ দূষণ রুখতে এবার স্বচ্ছতা অভিযানে নামলেন নব নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আজ, বুধবার সাতসকালে বাগবাজার ঘাটে (Bagbazar Ghat) ঝাঁটা হাতে পরিষ্কার করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। সঙ্গে ছিলেন মন্ত্রী তাপস রায়, অগ্নিমিত্রা পালরা। এদিন সকালে বাগবাজার মায়ের ঘাট পরিদর্শন করেন তিনি। ঘাটের চারিপাশে গাছ লাগানোও হয়েছিল। ক্ষমতায় আসার পর থেকেই নয়া সরকারের এই স্বচ্ছতা অভিযান সকলের নজর কেড়েছে।
মায়ের পুজো দিয়ে ঘাট পরিষ্কার শুভেন্দুর
সাফাই অভিযান কর্মসূচিতে অংশ নেওয়ার আগে আজ, বুধবার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাগবাজার ঘাটের পাশে অবস্থিত মন্দিরে পুজো দেন এবং গঙ্গা মায়ের আশীর্বাদ প্রার্থনা করেন। এরপরই হাতে ঝাঁটা নিয়ে সহকর্মী মন্ত্রীদের নিয়ে ঘাট পরিষ্কারের কাজে নেমে পড়েন তিনি। রাজ্য সরকারের তরফে গঙ্গাকে দূষণমুক্ত করার যে বৃহৎ পরিকল্পনা নেওয়া হয়েছে, এটি তারই অংশ। মুখ্যমন্ত্রীর এই আকস্মিক ও সক্রিয় সাফাই অভিযানে তাঁর পাশে দেখা যায় শিল্পমন্ত্রী তাপস রায় এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল-সহ স্থানীয় বিজেপি নেতৃত্বকে। গঙ্গা এবং গঙ্গার ঘাটগুলিকে আবর্জনা এবং দূষণমূক্ত রাখতে বছরভর এই ধরনের কর্মসূচি চলবে বলে জানান শুভেন্দু।
#WATCH | West Bengal: CM Suvendu Adhikari, along with West Bengal Minister Agnimitra Paul and other ministers, participates in the ‘Swachhata Se Swagat’ campaign at Mayer Ghat in Kolkata. pic.twitter.com/LOELQTeuWG
— ANI (@ANI) June 17, 2026
কী বলছেন মুখ্যমন্ত্রী?
ঘাট সাফাইয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “গোটা রাজ্যজুড়েই এই ধরনের পরিচ্ছন্নতা কর্মসূচি চলছে। আমাদের সমাজ ও পরিবেশে স্বচ্ছতার অত্যন্ত প্রয়োজন রয়েছে। আগামী দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় আসছেন। আমরা তাঁকে এই স্বচ্ছতার উপহার দিয়ে কলকাতায় স্বাগত জানাতে চাই।” এরপরই পূর্বতন সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, “বিগত সরকারের নেতিবাচক ভাবনার কারণে বাংলায় নমামি গঙ্গা প্রকল্পের কোনো কাজই হয়নি। আমরা আগামী দিনে গঙ্গাকে আরও নির্মল ও দূষণমুক্ত করব। এটা কোনো একদিনের প্রতীকী অনুষ্ঠান নয়, সারা বছর ধরেই এই সাফাই অভিযান ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে জারি থাকবে।”
আরও পড়ুন: ‘ব্যান’ শেষে সমুদ্রে পাড়ি দিঘার মৎস্যজীবীদের, টাটকা ইলিশের আশায় দিন গুণছে বাঙালি
কয়েক দিন আগেই জানানো হয়েছিল স্বচ্ছতা অভিযান শুরু হবে রাজ্যে। পাঁচ দিন ধরে চলবে এই অভিযান। সেই মত আজ, ১৭ জুন গঙ্গা পরিষ্কার অভিযান শুরু হয়েছে। কলকাতার প্রতিটি গঙ্গার ঘাটও পরিষ্কার করা হবে। কলকাতা পুরসভার পুর প্রশাসক স্মিতা পান্ডে জানিয়েছিলেন, আগামী ২১ তারিখ যোগ দিবসে বাংলায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে স্বচ্ছ এক কলকাতা উপহার দেওয়া হবে। আর সেই কর্মসূচির অংশ হিসেবেই এদিন সকালে বাগবাজার ঘাটে পৌঁছে যান মুখ্যমন্ত্রী-সহ অন্যান্য মন্ত্রীরা।










