সৌভিক মুখার্জী, কলকাতা: অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) ৩০০০ টাকা কবে থেকে ঢুকবে? বাংলার মহিলাদের মনে এখন একটাই প্রশ্ন। কারণ, ১৫ বছরের শাসক দল তৃণমূল কংগ্রেসকে হারিয়ে গতকাল ২০৭ আসনে জয়লাভ করে ক্ষমতায় এসেছে কেন্দ্রের বিজেপি সরকার। আর বিজেপির পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার বাবদ প্রতি মাসে ৩০০০ টাকা করে দেওয়ার কথা। তাই এখন প্রশ্ন উঠছে, মে মাস থেকেই কি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে আর লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) কি বন্ধ হয়ে যাবে?
বন্ধ হয়ে যাবে লক্ষীর ভাণ্ডার?
বলে দিই, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে লক্ষীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিল। যেখানে প্রথমে মহিলাদেরকে প্রতি মাসে ৫০০ টাকা এবং ১০০০ টাকা করে দেওয়া হতো। যার মধ্যে সাধারণ শ্রেণীর মহিলারা পেতেন ৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলারা পেতেন ১০০০ টাকা। পরে সেই ভাতা বাড়িয়ে ১০০০ টাকা এবং ১২০০ টাকা করা হয়। আর এবার নির্বাচনের আগে প্রতিশ্রুতি অনুযায়ী সেই ভাতা বেড়ে ১৫০০ টাকা এবং ১৭০০ টাকা হয়। বাংলার মহিলাদের কাছে এই লক্ষীর ভাণ্ডার ছিল আত্মনির্ভরতার আরেক নাম।
তবে এবার স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠছে, তৃণমূল সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পর কি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে? যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তাই লক্ষ্মীর ভাণ্ডার এ মাসে বন্ধ হবে কিনা তাও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। কিন্তু আশা করে যাচ্ছে, প্রতিমাসের মতো এবারও লক্ষীর ভাণ্ডারের টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে।
আরও পড়ুন: বাংলাদেশে পালাতে গিয়ে গ্রেফতার ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গীর খান? ছড়াল খবর
অন্নপূর্ণা ভাণ্ডার কবে চালু হবে এবং কীভাবে আবেদন করতে হবে?
না বললেই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করা হবে, এবং সেখানে প্রতি মাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে। তবে এখনও পর্যন্ত বিজেপি সরকার গঠনই করতে পারেনি, আর মুখ্যমন্ত্রী ঘোষণাও হয়নি। আগামী ৯ মে শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা। তাই অনুমান করা হচ্ছে, সরকার গঠিত হলেই ধাপে ধাপে এই প্রকল্প চালু করা হবে। তখন হয়তো আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে বিজেপির তরফ থেকে।










