৬০ কিমি বেগে ঝড়, তুমুল বৃষ্টি! কিছুক্ষণেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ার মুড বদল

Published:

Weather Update

সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার আকাশ মেঘলা। যে কোনও মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামতে পারে বলে খবর (Weather Update)। যদিও দুপুরের পর বা বিকেলের দিকেই মূলত জেলায় জেলায় তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। ঘণ্টায় ৬০ কিমি কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে শহর কলকাতায়। আজ আবার রবিবার ছুটির দিন। আপনারও কি আজ বাইরে যাওয়ার প্ল্যান রয়েছে? বৃষ্টি কি সব প্ল্যান ভণ্ড করবে? জানতে হলে চোখ রাখুন আবহাওয়ার আপডেটের ওপর।

বিকেলে তুমুল ঝড় বৃষ্টি ধেয়ে আসছে বাংলায়

আজ বিকেলের দিকে বেশ কিছু জেলায় রয়েছে দুর্যোগের পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.৬ ডিগ্রি কম। আর আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রির আশপাশে। তবে বিকেলের দিকে কলকাতা সহ ব্যাপক ঝড় বৃষ্টি পেতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হুগলী এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। যদিও দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় যেমন হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে তুমুল ঝড় জলের সম্ভাবনা রয়েছে। ওই পাঁচটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ মে থেকেই মহিলারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা? কোথায় মিলবে ফর্ম?

আলিপুর মৌসম ভবন জানিয়েছে, পূর্ব বিহার ও সংলগ্ন এলাকার উপর অবস্থানকারী উপরের বায়ুমণ্ডলের ঘূর্ণাবর্তটি বর্তমানে উপ হিমালয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকার ওপর অবস্থান করছে এবং এটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ থেকে ৫.৮ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। পূর্ব রাজস্থানের উপর অবস্থানকারী উপরের বায়ুমণ্ডলের ঘূর্ণাবর্ত থেকে পূর্ব ঝাড়খণ্ড অবধি অক্ষরেখাটি মধ্যপ্রদেশ ও ছত্তিশগরের উপর দিয়ে গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উচ্চতায় অবস্থান করছে। অনুকূল বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের কারণে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কার্যকলাপ অব্যাহত থাকবে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার আসা যাক আজ বিকেলের দিকে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন বিকেলের দিকে ভালো মতো দুর্যোগের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।