রাজ্য সরকারি কর্মীদের জন্য কড়া নিয়ম, জারি নির্দেশিকা

Published:

Government Employees

প্রীতি পোদ্দার, কলকাতা: সরকারি কর্মীদের (Government Employees) জন্য বড় ঘোষণা! এখন থেকে সরকারি আধিকারিক এবং কর্মীরা তিন মাস অন্তর সপরিবারে রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরতে যেতে পারবেন। রাজ্যের পর্যটনের বিকাশে প্রশাসনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে কেন্দ্র করে তুমুল চর্চা শুরু হয়েছে। তবে বাংলায় নয়, এই নির্দেশ কার্যকর হতে চলেছে বিহারে (Bihar)। কর্মীদের জন্য এমনই নয়া সিদ্ধান্ত নিল সম্রাট চৌধুরির (Samrat Choudhary) সরকার।

সরকারি কর্মীদের বেড়াতে যেতেই হবে!

সম্প্রতি, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের অতিরিক্ত মুখ্যসচিব বি রাজেন্দ্র বিহারের সরকারি কর্মীদের জন্য একটি বিশেষ নির্দেশিকা জারি করেছেন। যেখানে বলা হয়েছে, প্রতিটি দফতরের কর্মীদের কমপক্ষে বছরে তিনটি পর্যটন কেন্দ্র পরিদর্শন করতে হবে এবং সেই এলাকাগুলিতে দু’দিন আর দু’রাত থাকতে হবে। শুক্রবার ও শনিবার করে এই সফরগুলি করতে হবে। এখানেই শেষ নয়, ছুটি থেকে ফেরার পর জেলাশাসককে সেখানে থাকার ছবি, পর্যটন কেন্দ্র সংক্রান্ত তথ্য ও অভিজ্ঞতার খুঁটিনাটি তথ্য দিয়ে একটি রিপোর্ট জমা দিতে হবে। এমনকি এই সময় কোনও সরকারি আধিকারিক কোনও পর্যালোচনা বৈঠক বা পরিদর্শন সংক্রান্ত কাজ করতে পারবেন না।

পর্যটনের বিকাশে বড় পদক্ষেপ সরকারের

রাজ্য সরকারের তরফে স্পষ্ট করা হয়েছে, সরকারী কর্মীদের এই ভ্রমণের বিষয়টি সরকারি দায়িত্ব হিসাবেই গণ্য করা হবে। আসলে প্রশাসনের তরফে এই পদক্ষেপ নেওয়ার মূল লক্ষ্য হল সরকারি আধিকারিকদেরও স্থানীয় সংস্কৃতি, মানুষ এবং পর্যটন ব্যবস্থার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করা। যদি এইভাবে নিয়মিত রাজ্যের বিভিন্ন পর্যটনস্থল ঘুরে দেখেন, তাহলে তাঁরা স্থানীয় সমস্যাগুলি আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং সেই বিষয়ে বড় পদক্ষেপ নিতে পারবেন। এখন দেখার এই পদক্ষেপ কতটা কার্যকরী হয়।

আরও পড়ুন: উস্কানিমূলক পোস্টে বিপাকে পরমব্রত! তড়িঘড়ি ছুটলেন হাইকোর্টে

প্রসঙ্গত, রাজ্যের পর্যটন শিল্পকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে বিহার সরকার একের পর এক পদক্ষেপ গ্রহণ করে চলেছে। শুধু তাই নয় , গত ৩০ দিনে সম্রাট চৌধুরির সরকার যে সব প্রকল্প এবং প্রশাসনিক ভোলবদলের ঘোষণা করেছে তা আগামী দিনে বিহারকে আমূল বদলে দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এমনকি মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্রাট চৌধুরী সরকার চালু করেছে ‘পুলিশ দিদি’ প্রকল্প। এর মাধ্যমে স্কুল-কলেজ চত্বরে এবং জনবহুল এলাকায় মহিলা পুলিশ দল টহল দেবে, যাতে নারী নির্যাতনের মতো ঘটনা কমানো যায়।