বাড়ছে ইবোলা আতঙ্ক! এবার আফ্রিকা ফেরতদের জন্য সতর্কতা কলকাতা বিমানবন্দরে

Published:

Ebola Virus

প্রীতি পোদ্দার, কলকাতা: ক্রমেই বাড়ছে ইবোলা ভাইরাসের (Ebola Virus) প্রকোপ। যার ফলে আফ্রিকার (Africa) কঙ্গো, দক্ষিণ সুদান এবং উগান্ডা এই তিন দেশে ভ্রমণ নিয়ে ক্রমেই সতর্ক করে চলেছে ভারত সরকার। খুব প্রয়োজন না থাকলে, ওই সব দেশে আপাতত না যাওয়াই শ্রেয় বলে জানিয়েছে কেন্দ্র। এমতাবস্থায় ইবোলা ভাইরাস আতঙ্কের জেরে আফ্রিকা ফেরতদের জন্য, দমদম বিমানবন্দরে (Dumdum Airport) জারি হল বিশেষ সতর্কতা।

বিশেষ সতর্কতা দমদম বিমানবন্দরে

আফ্রিকায় যে হারে ইবোলা ভাইরাস ছড়াচ্ছে, তা নিয়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা WHO। এই রোগ বর্তমান পরিস্থিতিকে আন্তর্জাতিক উদ্বেগ এবং জনস্বাস্থ্যের ক্ষেত্রে জরুরি অবস্থা বলে উল্লেখ করেছে এবং আন্তর্জাতিক সীমান্তে নজরদারি বাড়াতে বলা হয়েছে। জোর দেওয়া হয়েছে নমুনা পরীক্ষা এবং রোগী শনাক্তকরণের উপর, আর সেই নির্দেশের কথা মাথায় রেখে দমদম বিমানবন্দরে জারি হয়েছে বিশেষ সতর্কতা। বলা হয়েছে, যাঁরা বিদেশ থেকে বিশেষ করে আফ্রিকার দেশগুলি থেকে ফিরছেন, তাঁদের মধ্যে যদি কারও এমন উপসর্গ থাকে, তবে সেলফ ডিক্লারেশন বা স্বঘোষণাপত্র দিতে বলা হচ্ছে।

কী এই ইবোলা ভাইরাস?

বিশ্বের অন্যতম মারাত্মক সংক্রামক রোগগুলির মধ্যে একটা হল ইবোলা ভাইরাস ডিজিজ। এই ভাইরাস শরীরে প্রবেশ করলে হঠাৎ জ্বর, প্রচণ্ড দুর্বলতা, মাথাব্যথা, গলা ব্যথা, ডায়েরিয়ার মতো উপসর্গ দেখা যায়। ফল খাওয়া বাদুড় থেকে মানুষের শরীরে এই ভাইরাস ছড়ায়। শিম্পাঞ্জি, গোরিলা, বাঁদর, হনুমান, বুনো হরিণ, শজারু থেকেও ছড়াতে পারে। এছাড়াও সরাসরি সংস্পর্শে এলে, বা সংক্রমিত রোগীর সংস্পর্শে এলে আক্রান্ত হতে হয়। সংক্রমিতের রক্ত, নিঃসরণ, অঙ্গপ্রত্যঙ্গ বা শরীরের অন্য তরল, দূষিত পরিবেশ, বিছানা, পোশাক-পরিচ্ছদ, বমি, রক্ত, বীর্য থেকেও ছড়াতে পারে। এই রোগের কোনও টিকা এবং ওষুধ নেই। সংক্রমিতদের মধ্যে এক তৃতীয়াংশের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা।

আরও পড়ুন: এবার থেকে ফি মুকুব, কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিকে নোটিশ দিয়ে জানাল রাজ্য সরকার

ইতিমধ্যেই কঙ্গোয় যে হারে সংক্রমণ ছড়াচ্ছে, তাতে সেখানকার স্বাস্থ্য সঙ্কটে রয়েছে বলে জানা গিয়েছে। তাই সেই রোগের হাত থেকে মুক্তি পেতে সতর্কতা জারি করা হচ্ছে। ইবোলা আতঙ্ক সন্দেহভাজন রোগীর রক্তের নমুনা সংগ্রহ, সংরক্ষণ এবং পরীক্ষার জন্য নির্দিষ্ট নির্দেশিকা অনুসরণ করতে বলা হয়েছে। এছাড়াও প্রতিটি রাজ্যকে র‍্যাপিড রেসপন্স টিম তৈরি রাখতে বলেছে স্বাস্থ্যদপ্তর। শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে এখনও রাজ্যে ইবোলা আক্রান্ত কোনও রোগী পাওয়া যায়নি। তবে স্বাস্থ্য ব্যবস্থা যাতে নিয়ন্ত্রণে থাকে তাই দমদম বিমানবন্দরে ঘোষণা করা হচ্ছে এই বিশেষ সতর্কবার্তা।