বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিগত দিনগুলিতে ব্যাপক অনিশ্চয়তার মধ্যে দিয়ে গিয়েছে ভারতীয় শেয়ারবাজার (Stock Market)। বিনিয়োগকারীরা বুঝে উঠতে পারছেন না কোন শেয়ারে বিনিয়োগ করলে আখেরে লাভ হবে। ঠিক সেই পরিস্থিতিতে, বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় সিদ্ধান্ত নিল ভারত সরকার এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেশীয় কারেন্সি বা ইন্ডিয়ান রুপিকে শক্তিশালী করতে এবং বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে শেয়ারের বাজারে বিনিয়োগের ক্ষেত্রে ট্যাক্স বা লাভদায়ী কর মুকুব করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। সেই সিদ্ধান্ত নিশ্চিত করেছে RBI।
বাড়বে বিদেশি বিনিয়োগকারীর সংখ্যা
আজ অর্থাৎ শুক্রবার, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট অপরিবর্তিত রাখার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের স্বার্থে বড় সিদ্ধান্তের কথা জানিয়েছে। শোনা যাচ্ছে, এবার থেকে বিদেশি বিনিয়োগকারীদের সরকারি সিকিউরিটিজের উপর বিনিয়োগের ক্ষেত্রে মূলধনী লাভ কর দিতে হবে না। সরকারি রিপোর্ট অনুযায়ী, বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে এই সিদ্ধান্ত হিসেবে পহেলা এপ্রিল থেকেই কার্যকর হচ্ছে।
সহজ ভাষায় বলতে গেলে, এবার থেকে বিদেশি বিনিয়োগকারীরা যদি ভারতীয় বন্ড মার্কেটে বিনিয়োগ করেন সেক্ষেত্রে পরবর্তীতে যদি তিনি সেই বন্ড বিক্রি করে দেন তবে বন্ড বিক্রি করার সময় দীর্ঘমেয়াদি মূলধনী লাভ কর বা ট্যাক্স দিতে হবে না সরকারকে। বিশেষজ্ঞরা মনে করছেন, এমন সিদ্ধান্ত পুরোপুরি কার্যকর হয়ে গেলে আগামী দিনে একদিক থেকে যেমন দেশে বিদেশি বিনিয়োগ বাড়বে ঠিক তেমনই শক্তিশালী হবে ভারতীয় রুপি। একই সাথে, এই সিদ্ধান্তের ফলে বন্ড মার্কেট এবং স্টক মার্কেট দুইই শক্তিশালী হবে।
অবশ্যই পড়ুন: ফিফা বিশ্বকাপে মাঠ কাঁপাবেন এই চার ‘ভারতীয়’ ফুটবলার! কোন কোন দলে?
প্রসঙ্গত, বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় বন্ড মার্কেটে কর ছাড় পেলে ধীরে ধীরে বাকি বিনিয়োগকারীরাও ভারতীয় বাজারের প্রতি আকৃষ্ট হবেন। যেহেতু তাঁরা ভারত সরকারকে আলাদা করে ট্যাক্স না দিয়েই লাভ নিজেদের কাছে রাখতে পারবেন, ফলে এতে যথেষ্ট শক্তিশালী হতে পারে ইক্যুইটি মার্কেটেও। বহু বিশেষজ্ঞ ভারত সরকার এবং কেন্দ্রীয় ব্যাঙ্কের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।










