অনন্যা সরকার, কলকাতাঃ শুধুমাত্র ভর্তুকি মূল্যে চাল, গম বা বিভিন্ন খাদ্য সামগ্রী পাওয়ার জন্য নয় রেশন কার্ড (Ration Card) কাজে লাগে বিভিন্ন সরকারি কাজে গুরুত্বপূর্ণ নথি হিসেবে। তাই নতুন রেশন কার্ডের প্রয়োজন পড়ে অনেকেরই। আগে রেশন কার্ড বানাতে গেলে সরকারি অফিসে যেতে হতো, দীর্ঘক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট হতো। তবে, বর্তমানে অনলাইনেও রেশন কার্ডের জন্য আবেদন করা যায়। ফলে বাড়ি বসেই বানিয়ে নিতে পারবেন নতুন রেশন কার্ড।
কিভাবে অনলাইনে আবেদন করা যায় নতুন রেশন কার্ডের জন্য?
আবেদন করার জন্য প্রথমেই রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে গিয়ে মোবাইল নম্বর এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। নিজস্ব একাউন্ট তৈরি হলে সেখান থেকে রেশন কার্ডের আবেদনপত্রের অপশনটি বেছে নিতে হবে। আবেদন পত্রটি খোলার পর সেখানে পরিবারের প্রধান সদস্যের নাম, মোবাইল নম্বর ঠিকানা, আধার নম্বর এবং পরিবারের অন্যান্য সদস্যদের তথ্যগুলি পূরণ করতে হবে। সঠিক তথ্য দেওয়া অত্যন্ত জরুরী, কারণ একটা ভুল তথ্যও আবেদন বাতিল করতে পারে বা অনুমোদন পেতে অনেক দেরি হতে পারে।
আবেদন করার সময় ওয়েবসাইটে কয়েকটি গুরুত্বপূর্ণ নথিও আপলোড করতে হয়, এর মধ্যে সাধারণত থাকে পাসপোর্ট সাইজ ছবি, আধার কার্ড, বাসস্থানের প্রমাণপত্র ও আয়ের নথি। তবে বিভিন্ন রাজ্যে এই নথির তালিকায় সামান্য কিছু সামান্য ভিন্নতা দেখা যায়।
সব তথ্য ও নথিপত্র জমা দেওয়ার পর রেশন কার্ডের অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করতে হবে। সফলভাবে জমা দেওয়ার পর একটি রেফারেন্স নম্বর পাওয়া যায়। পরবর্তীকালে এই নম্বরটি দিয়ে আবেদন কোন পর্যায়ে রয়েছে, তা জানা যায়। আবেদন জমা করার পর সংশ্লিষ্ট দপ্তরে নথিপত্র খতিয়ে দেখা হয়। সবকিছু ঠিক থাকলে অনুমোদনের পর রেশন কার্ড ইস্যু করা হয়। এখন অনেক রাজ্যে ডিজিটাল রেশন কার্ড সরাসরি ডাউনলোড করার সুবিধা রয়েছে। ফলে বাড়িতে কার্ড আসা অবধি অপেক্ষা করার প্রয়োজন পড়ে না।
আরও পড়ুনঃ ইচ্ছে মতো প্যাকেজিং অতীত! সর্ষে থেকে সব রান্নার তেলের জন্য নয়া নির্দেশিকা, স্বস্তি জনতার
তবে কিছু দিক অবশ্যই খেয়াল রাখতে হবে, যেমন রেশন কার্ড বা যেকোনো ধরনের সরকারি নথির জন্য শুধুমাত্র সরকারি ওয়েবসাইটেই আবেদন করা উচিত। ভুয়ো সাইটে নথি আপলোড করলে সমস্যা হতে পারে। প্রয়োজনীয় নথিপত্রগুলি আগে থেকে প্রস্তুত করে রাখলে আবেদনে সুবিধা হয়। বর্তমানে অনলাইন ব্যবস্থা চালু হওয়ার ফলে রেশন কার্ডের জন্য আবেদন করা আগের থেকে অনেক সহজ হয়ে গেছে। তাই বাড়িতে বসে কয়েকটা সহজ ধাপ অনুসরন করেই হাতে পেয়ে যেতে পারেন রেশন কার্ড, এরজন্য দৌড়ঝাপের আর কোনও প্রয়োজন নেই।










