প্রীতি পোদ্দার, কলকাতা: ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। যদিও সেই গরমে খানিক স্বস্তি দিতে প্রতিদিন বিকেলেই কম বেশি বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের (South Bengal) কয়েকটি জেলায়। এদিকে উত্তরবঙ্গে (North Bengal) প্রবেশ করেছে বর্ষা। তবে এখন আপাতত দক্ষিণবঙ্গেও প্রাক-বৃষ্টির বর্ষা চলছে। কিন্তু গরম কমছে না। জানা গিয়েছে আগামীকাল (Weather Tomorrow) বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, পূর্ব বিহার থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি শক্তিশালী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। পাশাপাশি, উত্তরপ্রদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে, যার প্রভাবে রাজ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও বৃষ্টি হলে এখনই গরম পুরোপুরি কমবে না। অস্বস্তিভাব বজায় থাকবে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে। তবে মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। আর সেই কারণে ভ্যাপসা গরমও বজায় থাকবে। তবে বিকেলের দিকে বজ্রপাত-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে। তবে শুধু বৃষ্টি নয়, ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। এমনকি বৃষ্টিও হতে পারে দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদেও। বৃষ্টি হলে তাপমাত্রা তাৎক্ষণিক ভাবে কমলে গরম থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আরও পড়ুন: দিঘা ভ্রমণে আর নয় যানজট, খুব শীঘ্রই শুরু হতে চলেছে নতুন বাইপাসের কাজ
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে গরম বাড়লেও উত্তরে তার রেশটুকুও নেই। আপাতত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল, বৃহস্পতিবার, দার্জিলিং কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়াও উত্তরের সব জেলাতে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। তবে রবিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে।










