গঙ্গার নিচ দিয়ে চলবে গাড়ি! ৮০০০ কোটি খরচ করে টানেল তৈরি করবে রাজ্য সরকার

Published:

Government of West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: ইতিমধ্যে গঙ্গার নিচ দিয়ে ছুটছে মেট্রো। তবে এবার মেট্রোর পাশাপাশি নদীর নিচ দিয়ে চলবে গাড়িও! রাজ্যে নতুন ডাবল ইঞ্জিন সরকার (Government of West Bengal) ক্ষমতায় আসতেই জোয়ার লেগেছে উন্নয়নে। সূত্রের খবর, এবার গঙ্গা নিচ দিয়ে বিশাল একটি টানেল তৈরির পরিকল্পনা করছে নতুন বিজেপি সরকার, এবং সেই টানেল সরাসরি কলকাতা এবং হাওড়াকে যুক্ত করবে। যার ফলে বিদ্যাসাগর সেতু কিংবা রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজের উপর চাপ অনেকটাই কমতে পারে বলেই মত ওয়াকিবহাল মহলের। এমনকি এই প্রকল্পের জন্য মোট ৮০০০ কোটি টাকা ব্যয় করা হবে।

গঙ্গার নিচে তৈরি হবে বিরাট টানেল

আসলে পূর্বতন সরকারের আমলে বিদ্যাসাগর সেতুর মতো আরেকটি নতুন সেতু তৈরি করার পরিকল্পনা ছিল হুগলি নদীর উপর। কিন্তু কেন্দ্র সরকার সেই অনুমোদন দিলেও রাজ্য এ নিয়ে বেশিদূর এগোয়নি। তবে এবার রাজ্যে সরকারের পালাবদল ঘটেছে। নতুন সরকার একেবারে কোমর বেঁধে নেমেছে সেই কাজে। কিন্তু এবার আর নদীর উপর দিয়ে নয়, বরং নিচ দিয়েই হবে বিরাট টানেল, আর সেখান দিয়েই চলবে যানবাহন। সূত্রের খবর, হুগলি নদীর নিচের এই টানেল সরাসরি দিল্লি রোড বা এনএইচ ১৬-র সঙ্গে মিশবে। যার ফলে কলকাতা বন্দরের উপর চাপ অনেকটাই কমবে।

এখনও পর্যন্ত প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, কলকাতা থেকে হাওড়ার আলমপুর পর্যন্ত মোট সাড়ে ৪ কিলোমিটার একটি টানেল তৈরি করা হবে। এমনকি তার সঙ্গে এলিভেটেড করিডর থাকবে। আর সঙ্গে রেল ওভারব্রিজ এবং এপ্রোচ রোড তৈরি করা হবে বলে আপাতত প্রস্তাব দেওয়া হয়েছে। এমনকি ভবিষ্যতে তা বারানসি-কলকাতা আর্থিক করিডরের সঙ্গেও মিশতে পারে। আর যদি এই টানেল তৈরি হয়, তাহলে বিদ্যাসাগর সেতুর উপর অনেকটাই চাপ কমবে এবং নিত্যদিনের যানজট থেকে মুক্তি পাবে আমজনতা। এমনিতেই বিদ্যাসাগর সেতু মেরামতের জন্য দীর্ঘদিন ধরে কাজ চলছে, এবং নিয়মিত বন্ধ রাখা হয়। সেই কারণেই এবার বিকল্প রাস্তার পথে হাঁটছে রাজ্য সরকার।

আরও পড়ুন: নব তৃণমূলে যোগ দিচ্ছেন ফিরহাদ? বড় ইঙ্গিত ঋতব্রতর

এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে নিজেই এই টানেল তৈরির কথা বলেছিলেন। এমনকি তার জন্য পোর্ট ট্রাস্ট ও শিপিং ডিপার্টমেন্ট নো অবজেকশন সার্টিফিকেট দিতেও রাজি হয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি ছিল, বর্তমানে শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরে যেতে যেতে বা আসতে বড় বড় ট্রাক বা পণ্যবাহী গাড়িগুলিকে বিদ্যাসাগর সেতুর উপরেই নির্ভর করতে হয়। সেক্ষেত্রে দীর্ঘদিন নিত্যযাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছিল। সেই যানজটমুক্ত করতেই এবার এই উদ্যোগ। এমনকি সবথেকে বড় ব্যাপার, এই প্রকল্পের জন্য মোট ৮ হাজার কোটি টাকা ব্যয় করা হবে। এখন দেখার রাজ্য সরকার কবে এই প্রকল্পের সবুজ সংকেত কবে দেয়।