অন্নপূর্ণা যোজনায় নতুন স্ট্যাটাস ‘August Payment Status: N/A’, কী অর্থ এর?

Published:

Annapurna Yojana

সৌভিক মুখার্জী, কলকাতা: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) স্ট্যাটাস দেখা যাচ্ছে গত ১৯ আগস্ট থেকে। তবে সেখানে বহু মহিলার আবেদন ‘Further Verification’ বা ‘Under Process’ দেখাচ্ছে। এমনকি অনেকের আবেদন পুনরায় ভেরিফিকেশনের পর আগস্টের পেমেন্ট পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আজ থেকেই অন্নপূর্ণার স্ট্যাটাসে যুক্ত হয়েছে নতুন সংযোজন ‘August Payment Status: N/A’। এর অর্থ কী?

অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসে নতুন সংযোজন

আগস্ট মাসে ১ কোটি ৪৬ লক্ষ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা ঢুকেছে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু রাজ্য সরকারের দেওয়া হিসাব অনুযায়ী, বাতিল হয়েছিল ১৭ লক্ষ মহিলার আবেদন। এর মধ্যে সিংহভাগ অর্থাৎ প্রায় ১০ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগে সমস্যা থাকায় আবেদন বাতিল করা হয়। কিন্তু আবেদন বাতিল হওয়ায় রাজ্যজুড়ে বিক্ষোভ দেখান মহিলারা। সেই সূত্রে আবার বিডিও অফিস বা পুরসভার তরফ থেকে পুনরায় ভেরিফিকেশন করে যোগ্য মহিলাদের আগস্টের টাকা পাঠানো হয়েছে। তবে এই নতুন স্ট্যাটাসের অর্থ কী?

‘August Payment Status: N/A’ এই স্ট্যাটাস যাঁদের শো হচ্ছে, তাঁদের বেশিরভাগের আবেদন এখনও পর্যন্ত আন্ডার প্রসেস পর্যায়ে রয়েছে। অর্থাৎ তাঁদের আবেদন বাতিল হয়নি। ভেরিফিকেশন চলছে রাজ্য সরকারের তরফ থেকে। তবে এই স্ট্যাটাসের অর্থ, আগস্ট মাসের পেমেন্ট পাওয়ার বিষয়ে এখনও পর্যন্ত আপডেট করা হয়নি। ‘N/A’ এর মানে হল Not Available বা Not Applicable। এর কিছু সম্ভাব্য কারণ থাকতে পারে।

  • প্রথমত, সরকারি পোর্টাল বা সিস্টেমে আগস্ট মাসের টাকা দেওয়ার তথ্য এখনও পর্যন্ত আপডেট করা হয়নি।
  • দ্বিতীয়ত, আপনার আবেদন অ্যাপ্রুভ বা অনুমোদিত হলেও এই মাসের নির্দিষ্ট টাকা পাঠানোর প্রক্রিয়া এখনও শুরু হয়নি বা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।
  • তৃতীয়ত, ব্যাংক অ্যাকাউন্ট বা ডিবিটি সংক্রান্ত কোনও সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রে অবিলম্বে নিজের ব্যাংকের শাখায় যোগাযোগ করা বুদ্ধিমানের কাজ।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সন্দীপ ঘোষ

প্রসঙ্গত, গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, “অন্নপূর্ণা নিয়ে চিৎকার করার কিছু নেই। ইতিমধ্যেই ১ কোটি ৪৫ লক্ষ ৬৪ হাজার ৪৭২ জন মহিলাকে দিয়েছি। লাগলে আরও মহিলারা পাবেন। কিন্তু প্রকৃত লোকেরাই সুবিধা পাবেন। লক্ষ্মীর ভাণ্ডারে ৩ লক্ষ পুরুষ পেতেন। এসআইআর-এ নাম বাদ গিয়েছে এমন অভারতীয়রাও পেতেন। এই সরকারের আমলে তা হবে না।”