প্রীতি পোদ্দার, কলকাতা: ভাদ্র মাস মানেই হল তালের (Palm) মাস, আর এই সময়ই বাঙালি ঘরে ঘরে তালের তৈরি নানা মুখরোচক খাবার তৈরির ধূম পড়ে যায়। তালের ক্ষীর, তালের বড়া, তালের পিঠে, তালের মালপোয়া আরও কত কী…কিন্তু খেতে ভালো লাগলেও মূল উপাদান তালের ঘন ক্বাথ (Palm Pulp) বের করতেই অনেক পরিশ্রম করতে হয়। তবে চিন্তা নেই এই ঘন ক্বাথ বের করা এখন হবে আরও সহজ তাও আবার মাত্র দুটো উপাদান (Kitchen Tips) দিয়েই। কীভাবে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
তালের ঘন ক্বাথ বের করা কষ্টকর
ঠাকুমা দিদিমাদের আমল থেকে তালের ঘন ক্বাথ বের করা হয় বেতের বা বাঁশের ঝুড়ির উল্টো পিঠে তালের আঁটি ঘষে ঘষে। সেখান থেকে আলাদা হয়ে যায় শাঁস। ইদানীং তাল ঘষণী দিয়ে তালের শাঁস বের করা যায়। তবে খাটতে তো হয়। কিন্তু বিনা খাটনীতে খুব সহজ পদ্ধতিতে তালের ঘন ক্বাথ বের করা যাবে মাত্র দুটি উপাদান দিয়ে আর সেটি হল কাঁচি এবং আরেকটি হল ছোট জাল বা নেট দিয়ে।
কাঁচি ও ছোট জাল দিয়ে করা যাবে কাজ
এই সহজ টিপস ব্যবহার করতে হলে সর্বপ্রথমে পাকা তালের খোসা ছাড়িয়ে আঁটিগুলোকে আলাদা করে নিতে হবে। এরপর বড় কাঁচি দিয়ে কেটে নিতে হবে। এরপর সেগুলির মধ্যে সামান্য জল দিয়ে রেখে দিতে হবে। গরম জলে ১০-১৫ মিনিট ভিজিয়ে হাত দিয়ে ভালোভাবে চটকে নিতে হবে। যাতে আর কোনো দলা দলা না থাকে, এরপর সেগুলোকে ছোট জাল বা নেট দিয়ে ছেঁকে নিতে হবে। আর তখনই দেখবেন তালের শাঁস বা ছিবড়ে আলাদা হয়ে জালে আটকে যাচ্ছে এবং ঘন ক্বাথটা নিচ দিয়ে বেয়ে পড়ছে।
আরও পড়ুন: বর্ষায় আর নুন-চিনি দলা পাকাবে না, কৌটোয় রাখুন এই ৩ জিনিস
এছাড়াও বেতের ঝুড়ির সবচেয়ে ভালো বিকল্প হলো বড় ছিদ্রযুক্ত স্টিলের গ্রেটার। এর ছোট ছোট ধারালো মুখে তালের আঁটি ঘষলে খুব দ্রুত এবং অল্প পরিশ্রমে ঘন ক্বাথ বের হয়ে আসে। যদি কারোর বাড়িতে স্টিলের গ্রেটার না থাকে তাহলে প্লাস্টিকের ঝুড়ি দিয়েও করা যাবে। দেখবেন আঁশ ছাড়া মসৃণ ক্বাথ পাওয়া যাবে।










