পুজোর আগে শপিং করে বাড়ি ফেরা নিয়ে চিন্তা শেষ! চলবে অতিরিক্ত মেট্রো, কবে কবে? দেখুন

Published:

Kolkata Metro

প্রীতি পোদ্দার, কলকাতা: পুজোর (Durga Puja 2026) আর মাত্র কয়েকটা দিন বাকি। শেষ মুহূর্তে চলছে প্রতিমা এবং মণ্ডপ তৈরির কাজ। এমতাবস্থায় মেট্রোর যাত্রীদের জন্য আনা হল বিরাট উপহার। জানা গিয়েছে, যাত্রী সুবিধার্থে এবং অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করতে পুজোর আগে দুই সপ্তাহান্তে অতিরিক্ত মেট্রো চালানোর (Durga Puja Metro Update) সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro)। অর্থাৎ পুজোর আগে অক্টোবরে দুটি শনিবার (৩ অক্টোবর এবং ১০ অক্টোবর) ও দুটি রবিবার (৪ অক্টোবর এবং ১১ অক্টোবর) অতিরিক্ত মেট্রো চলবে।

মেট্রো যাত্রীদের জন্য বিরাট ঘোষণা

উৎসবের মরশুমে গা ভাসাতে তৈরি হচ্ছে রাজ্য। তাই তো দুর্গাপুজোর কেনাকাটাও চলছে পুরোদমে। অনেকেই অফিসের ব্যস্ততা কাটিয়ে শনি এবং রবিবারই কেনাকাটা মেটাতে চান। আর তাতেই ভিড় বাড়ছে শহরের বিভিন্ন মল থেকে শুরু করে পাইকারি বাজারে। সপ্তাহান্তে শুধু শহরের বাসিন্দারা নয়, শহরতলির নাগরিকেরাও ভিড় জমাচ্ছেন বিভিন্ন শপিং মলে। তাই লোকাল ট্রেনের মতোই ভিড় বাড়ছে মেট্রোতেও। সেই কারণে এবার যাত্রীদের সুবিধার্থে পুজোর আগে সপ্তাহান্তে আরও বেশি মেট্রো চালানোর পরিকল্পনা কর্তৃপক্ষের। ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে মিলবে এই পরিষেবা।

শনি ও রবিবার মিলবে অতিরিক্ত মেট্রো

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী গতকাল মঙ্গলবার মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৩ ও ১০ অক্টোবর, শনিবার ব্লু লাইনে অর্থাৎ শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ২৫২টির জায়গায় ২৭২টি মেট্রো চলবে, ১৩৬টি করে আপ ও ডাউন ট্রেন। গ্রিন লাইনে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত ২১২টির পরিবর্তে ২৩৬টি মেট্রো চালানো হবে। এর মধ্যে ১১৮টি আপ এবং ১১৮টি ডাউন ট্রেন এবং ইয়েলো লাইনে অর্থাৎ নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত যেখানে ৯২টি চলে, সেই জায়গায় ১২০টি মেট্রো চলবে। তিনটি লাইনের ক্ষেত্রেই প্রথম ও শেষ মেট্রোর সময়ে কোনও পরিবর্তন হচ্ছে না।

এছাড়াও আগামী ৪ ও ১১ অক্টোবর, রবিবার ব্লু লাইনে ১৫২টির বদলে ১৮৮টি মেট্রো চলবে। গ্রিন লাইনে ১৪টি বেড়ে ১২৫টি মেট্রো চালানো হবে। যার মধ্যে ৬২টি আপ এবং ৬৩টি ডাউন ট্রেন থাকবে। ইয়েলো লাইনে স্বাভাবিক সূচি অনুযায়ী ৭৮টি মেট্রো চলবে। রবিবারও ব্লু, গ্রিন ও ইয়েলো এই তিন লাইনে প্রথম এবং শেষ মেট্রোর সময়ে কোনও পরিবর্তন হচ্ছে না।

আরও পড়ুন: ১৮ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা! বড় পদক্ষেপ কেন্দ্রের

অন্যদিকে জয় হিন্দ বিমানবন্দর এবং দক্ষিণেশ্বরের মধ্যে সরাসরি মেট্রো পরিষেবায় কিছুটা পরিবর্তন থাকছে। জানানো হয়েছে, জয় হিন্দ বিমানবন্দর ও দক্ষিণেশ্বরের মধ্যে ৩টির পরিবর্তে ২টি সরাসরি ট্রেন পরিষেবা চালু থাকবে। মূলত যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই চালু করা হয়েছে এই অতিরিক্ত পরিষেবা। তবে অতিরিক্ত ট্রেন চললেও প্রথম এবং শেষ মেট্রো পরিষেবার সময়সূচিতে কোনও পরিবর্তন হবে না।

google button