প্রীতি পোদ্দার, কলকাতা: শিয়রে ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026), আর তাই রাজ্য জুড়ে শুরু হয়েছে ভোট প্রচারের শেষ প্রস্তুতি। একে একে সকল প্রার্থী জমা দিচ্ছেন তাঁদের মনোনয়ন পত্র। এমতাবস্থায়, তৃণমূল প্রার্থী অদিতি মুন্সির (Aditi Munshi) মনোনয়ন পত্র ঘিরে তৈরি হল এক নয়া বিতর্ক। অভিযোগ, তৃণমূল প্রার্থীর হলফনামায় নাকি বেশ কিছু ত্রুটি রয়েছে। এমনটাই দাবি করলেন ওই কেন্দ্রের নির্দল প্রার্থী অরিন্দম ঘোষ। এবং সেই অভিযোগের ভিত্তিতে হাইকোর্টে (Calcutta High Court) মামলা উঠতেই কমিশনের কাছে রিপোর্ট চাইলেন বিচারপতি।
মনোনয়ন ঘিরেই তৈরি হল মহা বিতর্ক
২৬ এর আসন্ন বিধানসভা নির্বাচনে রাজারহাট গোপালপুর থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়েছে পেশায় কীর্তন সঙ্গীতশিল্পী, অদিতি মুন্সিকে। গতবার ২১ এর বিধানসভা নির্বাচনে একই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন তিনি। এবারেও তাই অদিতির উপর ভরসা রেখেছে তৃণমূল। কিন্তু এবার তার মনোনয়ন ঘিরেই তৈরি হল মহা বিতর্ক। রাজারহাট গোপালপুর কেন্দ্রের নির্দল প্রার্থী অরিন্দম ঘোষের অভিযোগ তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি একাধিক ভুল তথ্য হলফনামায় জমা দিয়েছেন। তাই এই নিয়ে হাইকোর্টে দায়ের করা হয়েছিল মামলা।
রিপোর্ট জমা দেবে কমিশন
নির্দল প্রার্থী অরিন্দম ঘোষ কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশে মামলা দায়ের করার অনুমতি পেয়েছিলেন। গতকাল, সোমবার ছিল ওই মামলার শুনানি। আর এবার রাজারহাট গোপালপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী অদিতি মুন্সির মনোনয়ন পত্র বিতর্কে কমিশনের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট। জানা গিয়েছে, সেই রিপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রে রাজি হয়েছে কমিশন। আগামী ২২ মে রিপোর্ট দেবে কমিশন। এদিকে অদিতি মুন্সির আইনজীবী আদালতে জানান, মনোনয়ন জমার পর স্ক্রুটিনি পর্বে নির্বাচন কমিশন সমস্ত নথি খতিয়ে দেখে সিদ্ধান্ত নিয়েছে। তাই যদি কোনও আপত্তি থাকে, তাহলে তা ইলেকশন পিটিশনের মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত, হাইকোর্টে নয়।
আরও পড়ুন: সন্ধ্যে ৬ টার পর বাইকে নিষেধাজ্ঞা! ভোটের আগে ফের কড়াকড়ি কমিশনের
প্রসঙ্গত, জি বাংলার মিউজিক রিয়েলিটি শো ‘সারেগামাপা’ থেকেই অদিতি মুন্সির জনপ্রিয়তা দেখা গিয়েছিল। কীর্তন সঙ্গীতের মাধ্যমে সকলের ভালোবাসা পেয়েছিলেন তিনি। পরে তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের মাধ্যমে রাজনীতিতে যোগ দিয়েছিলেন। এরপর ২০২১ সালে বিধানসভা নির্বাচনে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন তিনি। সম্প্রতি মা হয়েছেন তিনি, দায়িত্ব বেড়েছে তাঁর। তাইতো ছেলের সমস্ত দায়িত্ব পালন করেই ভোটের প্রচারে ঝড় তুলছেন তিনি। কিন্তু এসবের মাঝে নতুন করে আইনি ঝামেলায় পড়লেন অদিতি মুন্সী।










