বিক্রম ব্যানার্জী, কলকাতা: আরও একটা ওয়ানডে সিরিজে দেখা মিলল রোহিত শর্মা এবং বিরাট কোহলির। দুজনেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে একেবারে আঁটঘাট বেঁধে নেমেছেন। দুই মহাতারকাকে ব্যাট হাতে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভারতীয় সমর্থকরাও। তবে রবিবারের ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোকো-কে নিয়ে বড় মন্তব্য করলেন ভারতের একদিন ও টেস্ট অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। গিল বুঝিয়ে দিলেন, কেন রোহিত এবং কোহলি ভারতীয় দলে জন্য গুরুত্বপূর্ণ।
রোহিত এবং বিরাটের জন্যই গমগম করে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুম
রবিবার, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাজির হয়ে রোহিত এবং কোহলিকে নিয়ে মুখ খুলেছিলেন অধিনায়ক গিল। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গিল জানান, রোহিত এবং বিরাটের মতো দুই অভিজ্ঞ ক্রিকেটারের উপস্থিতিতে ভারতীয় দলে যেকোনও চাপ সহজেই কেটে যায়। তাঁর কথায়, “রোহিত শর্মা সর্বকালের অন্যতম দুর্দান্ত ওপেনার এবং বিরাট ভাই ওয়ানডে ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান। সুতরাং অবশ্যই যখন দলে দুজনেই থাকেন তখন কাজটা অনেকটাই সহজ হয়ে যায়।”
অবশ্যই পড়ুন: IPL-র আগেই ধাক্কা! দলে জায়গা হারালেন KKR পেসার
মাঝে শোনা গিয়েছিল, ওয়ানডে বিশ্বকাপের জন্য দুই সিনিয়র ব্যাটসম্যানের রোহিত এবং কোহলির পারফরমেন্সের পরিপ্রেক্ষিতে টিম ম্যানেজমেন্ট এবং দুই ক্রিকেটারের মধ্যে যথেষ্ট মতবিরোধ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে টিম ইন্ডিয়া ড্রেসিংরুমেও। এমন জল্পনা অবশ্য উড়িয়ে দিলেন অধিনায়ক গিল। বরং রোহিত এবং বিরাটের প্রশংসা করেই শুভমন বলেন, “আমি মনে করি দলের পরিবেশটা এই মুহূর্তে দারুণ। আপনি যে খেলোয়াড়দের নাম নিচ্ছেন তারা কয়েক দশক ধরে এই পরিবেশের অংশ। তারা এমন ব্যক্তিত্ব যারা ভারতীয় ক্রিকেট দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে এসেছেন। আগের সিরিজেও আপনি দেখেছেন তারা কতটা ভাল খেলেছে। তাই আমার মনে হয় এই মুহূর্তে ড্রেসিংরুমের পরিবেশ খুব ভাল।”
উল্লেখ্য, কিছুদিন আগেই চোটের কারণে জাতীয় দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন গিল। যার কারণে বেশ কয়েকটি ম্যাচ হাতছাড়া হয়েছিল তাঁর। তাছাড়াও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল থেকেও বাদ পড়েছেন গিল। তবে এসবের মাঝেই নিউজিল্যান্ড সিরিজে একদিনের দলে ফেরানো হয়েছে তাঁকে। তিনিই এই মুহূর্তে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিচ্ছেন।












