বদলে যাবে পরমাণু শক্তিখাত! ভারতেই মিলল ৯৩ হাজার টনের বেশি ইউরেনিয়ামের হদিশ

Published:

Uranium Reserves in India

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের পরমাণু শক্তি ক্ষেত্রে (Atomic Energy Sector) বিরাট সাফল্যের খবর সামনে এল। কেন্দ্রীয় সরকার জানাচ্ছে, গত ৫ বছরে দেশের চারটি রাজ্যে আনুমানিক ৯৩ হাজার টনেরও বেশি ইউরেনিয়ামের হদিশ মিলেছে (Uranium Reserves in India)। যার মধ্যে অন্ধ্রপ্রদেশ এবং ঝাড়খণ্ডে সবথেকে বৃহৎ ভাণ্ডার রয়েছে। আর ভারতের দীর্ঘমেয়াদী পারমাণবিক শক্তি নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই আবিষ্কার যে বিরাট মাইলফলক হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

কোন রাজ্যে কতটা ইউরোনিয়াম রয়েছে?

রাজ্যসভায় লিখিত প্রশ্নের জবাবে পরমাণু শক্তি মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানাচ্ছেন, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে অ্যাটমিক মিনারেলস ডিরেক্টরেট মোট ৯৩,৭০০ টন ইউরেনিয়াম অক্সাইডের হদিশ পেয়েছে। যার মধ্যে অন্ধ্রপ্রদেশে সবথেকে বেশি ৬০,৬৫৯ টন এবং ঝাড়খণ্ডে ২৭,১৫৩ টন ইউরেনিয়াম আছে। এদিকে রাজস্থান ও কর্ণাটক রাজ্য মিলিয়েও ইউরেনিয়ামের খোঁজ মিলেছে।

মন্ত্রী আরও জানিয়েছেন, ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলায় জাদুগোড়া উত্তর-বাগলাসই-মেচুয়া এলাকায় নতুন ইউরেনিয়াম সম্পদের হদিশ মিলেছে। আর এটি মূলত বর্তমান জাদুগোড়া খনির উত্তর পশ্চিমে অবস্থিত। এই নতুন ভাণ্ডারটি ভারতের পরমাণু জ্বালানি সুরক্ষায় সবথেকে বেশি অবদান রাখবে বলেই মনে করা হচ্ছে।

আগামী দিনে রয়েছে ১৩টি নতুন প্রকল্প

প্রসঙ্গত, এই ইউরেনিয়াম উত্তলণের ক্ষমতা বাড়ানোর জন্য এবং নতুন খনি তৈরি করার জন্য সরকার নীতিগতভাবে মোট ১৩টি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এদিন মন্ত্রী স্পষ্ট বলেছেন, এই প্রকল্পগুলি চালু হলে বছরে প্রায় ১১,৫৩৫ মিলিয়ন টন আকরিক এবং প্রায় ১০৯৫ টন ট্রাই ইউরেনিয়াম অক্সাইড উৎপাদন সম্পন্ন হবে। আর এই প্রকল্পগুলি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারগুলির কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। চূড়ান্ত রিপোর্ট তৈরি ও প্রশাসনিক আর্থিক অনুমোদন পাওয়ার পরেই কাজগুলি জোরকদমে শুরু হবে।

আরও পড়ুন: আজ থেকেই খেলা ঘুরবে আবহাওয়ার? তাপপ্রবাহের মধ্যে দক্ষিণবঙ্গের ৫ জেলায় তেড়ে বৃষ্টি

না বললেই নয়, ভারতের মতো ক্রমবর্ধমান অর্থনৈতিক দেশে বিদ্যুতের চাহিদা দিনের পর দিন বেড়েই চলেছে। সেই কারণে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলির গুরুত্ব অপরিসীম। তবে এই কেন্দ্রগুলি চালানোর জন্য ইউরোনিয়াম প্রধান জ্বালানি। আর বর্তমানে ভারতকে ইউরোনিয়ামের জন্য বিদেশের উপরেই নির্ভর করতে হয়। তবে দেশের অভ্যন্তরে বিপুল পরিমাণ ইউরেনিয়াম যদি উৎপাদন সম্ভব হয়, তাহলে যে শক্তি খাতে আমূল পরিবর্তন আসবে তা বলার অপেক্ষা রাখে না।