বীরসিংহ থেকে হাওড়ার সরকারি বাস পরিষেবা চালু SBSTC-র, দেখে নিন সময়সূচি

Published:

SBSTC Birsingha Howrah Bus

অনন্যা সরকার, পশ্চিম মেদিনীপুর: সোমবার (২১ সেপ্টেম্বর) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ থেকে হাওড়াগামী (Birsingha Howrah Bus) একটি নতুন সরকারি বাস চালু করলো দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (SBSTC)। রবিবার দিন এই নতুন স্টেস্ট বাস পরিষেবাটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। সেই অনুষ্ঠানে ইসকনের দুই মহারাজের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বিধানসভার আহ্বায়ক গণেশ মান্না এবং স্বরূপ সামুই। আসুন এই নতুন সরকারি বাসটির সময়সূচি ও গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নেওয়া যাক। 

চালু হল নতুন বীরসিংহ – হাওড়া এসবিএসটিসি বাস 

নতুন এই সরকারি বাসটি বীরসিংহ থেকে কলকাতার ধর্মতলা হয়ে হাওড়া পৌঁছাবে। সময়সূচি সর্ম্পকে বললে, বাসটি সকাল ৬:৩০ মিনিটে বীরসিংহ থেকে ছাড়বে। দুপুর ৩:০০ টায় ধর্মতলায় আসবে এবং বিকেল ৩:৪০ মিনিটে হাওড়া পৌঁছাবে। আবার বাসটি বিকেল ৪:০০ টায় হাওড়া থেকে বীরসিংহের উদ্দেশে ছাড়বে বলে জানিয়েছেন দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহন কর্পোরেশনের ক্ষীরপাই ডিপোর ইনচার্জ সৌমেন দাস। জানিয়ে রাখি, সরকারি বাস হওয়ায় এতে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। 

প্রতিদিন সকালে বাসটি ক্ষীরপাই ডিপো থেকে বীরসিংহে আসবে। তারপর রাতে বীরসিংহে যাত্রীদের নামিয়ে দিয়ে এটি ক্ষীরপাই ডিপোতে ফিরে যাবে। তবে সকালে ক্ষীরপাই ডিপো কোনও যাত্রী তোলা হবে না বলেই শোনা যাচ্ছে। যাত্রীদের বীরসিংহ থেকেই বাসে উঠতে হবে। এছাড়াও, সৌমেন দাস জানিয়েছেন যে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বীরসিংহ থেকে অন্যান্য রুটে আরও কয়েকটি সরকারি বাস চালু করা হবে। 

আরও পড়ুন: যেতে সম্বল শুধুমাত্র নৌকা, কলকাতা থেকে মাত্র ২ ঘন্টায় পৌঁছে যান রহস্যময় ‘রাজবাড়ি’-তে

প্রসঙ্গত, গত মাসে হলদিয়া থেকে কলকাতাগামী একটি নতুন সরকারি বাস পরিষেবা চালু করে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। বাসটি প্রতিদিন সকাল ৮:১৫ মিনিটে হলদিয়া টাউনশিপ থেকে ছাড়ে ও দুপুর ১:৪৫ মিনিটে কলকাতা থেকে ফেরে। কলকাতাগামী এই বাসটি মঞ্জুশ্রী, সুতাহাটা, চৈতন্যপুর, মহিষাদল, তমলুক এবং মেচেদা ওপর দিয়ে যায়।