৪ রাউন্ড গুলি, ঝাঁঝরা হল প্রোমোটার! ভয়ঙ্কর শ্যুটআউটে আতঙ্ক হাওড়ায়

Published:

Updated:

Shootout At Howrah
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচন নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি, ভোট প্রচারের প্রস্তুতিতে মেতেছে শাসকদল থেকে শুরু করে বিরোধীরা। কমতি রাখছে না কর্মসূচিতে, যদিও বিধানসভার নির্বাচনের দিন এখনও ঘোষণা করেনি কমিশন। আর এই অবস্থায় বুধবার ভোরে উত্তর হাওড়ার গোলাবাড়ি এলাকায় ঘটে গেল এক ভয়ংকর হত্যাকাণ্ড (Shootout At Howrah)। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হল এক প্রোমোটারকে। প্রকাশ্যে এল সিসিটিভি ক্যামেরায় এই নৃশংস খুনের দৃশ্য। ঘটনায় রীতিমত ভয়ে স্তম্ভিত এলাকার মানুষ।

প্রোমোটারকে নৃশংস খুন

রিপোর্ট মোতাবেক, আজ অর্থাৎ বুধবার, ভোর ৪টে ১০ নাগাদ হাওড়ার গোলাবাড়ির পিলখানায় ২৭ বছরের বাসিন্দা প্রোমোটার সফিক খানকে ২ আততায়ী হেঁটে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ৪ রাউন্ড গুলি করে। অভিযুক্তদের নাম মহম্মদ হারুন খান ও রোহিত বলে শনাক্ত করেছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। একটি চায়ের দোকানের সামনে থাকা সিসিটিভি ক্যামেরায় দেখা যায় সফিক যখন গোলাবাড়ি এলাকা দিয়ে যাচ্ছিলেন, তখন দুই যুবক তাঁর পথ আটকায়। কথোপকথন চলাকালীনই একজন আচমকা সফিকের পিছনে চলে যায়। খুব কাছ থেকে শফিকের মাথায় বন্দুক ঠেকিয়ে ট্রিগার টেপে দুষ্কৃতীরা। যুবকের মাথা ও বুক ফুঁড়ে বেরিয়ে যায় বুলেট। রক্তাক্ত পরিস্থিতি।

তদন্তে নামল হাওড়া সিটি পুলিশ

ভোটের মুখে শ্যুটআউটের ঘটনাকে ঘিরে এলাকায় যথেষ্ট উত্তেজনা তৈরী হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নামানো হয়েছে র‍্যাফ । ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ক্যামেরা ফুটেজ। পুলিশের প্রাথমিক অনুমান এলাকার দুই কুখ্যাত দুষ্কৃতী হারুন খান ও রোহিতের সঙ্গে পুরনো শত্রুতার জেরেই সফিককে শ্যুটআউট করা হয়েছে। কারণ তাঁরা ওই প্রোমোটারের কাছে মোটা টাকা চেয়েছিল। আর তা দিতে না পারায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। এমনকি একই অভিযোগ তুলেছে নিহতের পরিবারও। এদিকে প্রকাশ্য রাস্তায় এই ধরণের নৃশংস খুনের ঘটনায় প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন: তীর্থ যাত্রীদের জন্য সুখবর! অমৃত ভারত প্রকল্পে চেহারা পাল্টে যাচ্ছে বাংলার এই স্টেশনের

প্রসঙ্গত, প্রত্যেকবার ভোটের আগে এবং পরে খুন এবং হত্যাকাণ্ডের ঘটনা খবরের শিরোনামে উঠে আসে, এবারেও তার ব্যতিক্রম হয়নি। বিধানসভা নির্বাচনের আগে থেকেই পারদ চড়তে শুরু করেছে বিভিন্ন জেলায়। বেশ উত্তপ্ত পরিস্থিতি দেখা গিয়েছে কয়েকটি এলাকায়। কোথাও রাতের অন্ধকারে চলেছে গুলি। কোথাও আবার অন্য ধরনের বিশৃঙ্খলা। আর এবার ভোটের মুখে হাওড়ায় শ্যুটআউটের ঘটনা ঘিরে আরও এক চিন্তা বাড়ল প্রশাসনের। ইতিমধ্যেই এই ঘটনায় আর কে বা কারা যুক্ত রয়েছে এবং কেনই বা প্রোমোটারকে এমন নৃশংস ভাবে খুন করা হল, তা বিস্তারিতভাবে জানতে জোরকদমে শুরু হয়েছে তদন্ত।