তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে, ভিজবে কোন কোন জেলা? আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ পয়লা বৈশাখের আগেই বাংলায় ব্যাপক গরম (Weather Today) পড়তে শুরু করেছে। বাংলা নববর্ষে যে কী হবে সেটা ভেবে এখন থেকেই মানুষ শিহরিত। তারওপর দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা এক লাফে ৭ ডিগ্রি সেলসিয়াস অবধি বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে। কলকাতা এবং হাওড়া ও হুগলি সহ এর পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের অভাবে তাপপ্রবাহ আরও তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া কর্মকর্তারা ১৩ থেকে ১৬ এপ্রিলের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু অংশে গরম ও আর্দ্র পরিস্থিতির বিষয়েও সতর্ক করেছেন। ফলে সকলকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। যদিও আজ রবিবার ছুটির দিন কিছু জেলা ভিজতে চলেছে বলে খবর। বইবে দমকা হাওয়াও। চলুন বিশদে জেনে নেবেন।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, রবিবার ছুটির দিন বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস অবধি বৃদ্ধি পেতে পারে। এর পরবর্তী সময়ে তাপমাত্রায় বড় রকমের কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের আবহাওয়া উষ্ণ থাকলেও বৃষ্টির কারণে মনোরম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উপরিভাগের জেলাগুলিতে। ছুটির দিন ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়।

আরও পড়ুনঃ যাত্রী সংখ্যায় রেকর্ড গড়ল বন্দে ভারত এক্সপ্রেস

আলিপুর মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিনে বেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস অবধি বৃদ্ধি পেতে পারে। এর পরবর্তীতে তাপমাত্রায় বড় রকমের কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

আগামীকালের আবহাওয়া

এবার আসা যাক আগামীকাল অর্থাৎ সোমবার সপ্তাহের প্রথমদিন আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। জানা গিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেমন বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় ঝড় বৃষ্টির ভ্রূকুটি রয়েছে। উত্তরবঙ্গের কথা বললে, এদিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়।