রামকৃষ্ণ মিশনের ছাত্র, চিনে নিন প্রাক্তন বায়ুসেনা কর্মী চন্দ্রনাথ রথকে

Published:

Chandranath Rath Death

প্রীতি পোদ্দার, কলকাতা: আগামী শনিবার, ৯ মে বাংলার নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ ব্রিগেডে কিন্তু তার ঠিক দু’দিন আগেই মধ্যমগ্রামের বুকে ঘটে গেল ভয়ংকর হত্যাকাণ্ড (Chandranath Rath Death)। গতকাল রাতে বাইকে করে আসা দুই দুষ্কৃতী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর তিন রাউন্ডের গুলি চালায় শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে (Chandranath Rath)। গুরুতর জখম অবস্থায় তাঁকে মধ্যমগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আর তাতেই ক্ষুব্ধ বিজেপি কর্মীরা।

চন্দ্রনাথ রথের পরিচয়

রিপোর্ট মোতাবেক, শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ ছিলেন পূর্ব মেদিনীপুরের পুলুপ এলাকার ঈশ্বরপুর ৫ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। পড়াশোনা রহড়া রামকৃষ্ণ মিশনে। এরপর যোগ দিয়েছিলেন ভারতীয় বায়ুসেনাতে। কিন্তু কিছুদিন পরেই বায়ুসেনার চাকরি থেকে স্বেচ্ছা অবসর নিয়ে একটি কর্পোরেট সংস্থায় যোগ দিয়েছিলেন। অন্যদিকে চন্দ্রনাথের (Chandranath Rath) পরিবারের সঙ্গেও দীর্ঘদিনের রাজনীতির যোগ রয়েছে। জানা যায়, চন্দ্রনাথের সঙ্গে বিগত ৮ বছরের সম্পর্ক ছিল শুভেন্দুর। ২০১৯ সালে যখন তিনি জলসম্পদ দপ্তরের মন্ত্রী হন, সেই সময় চন্দ্রনাথ তাঁর আপ্তসহায়ক হয়েছিলেন। চন্দ্রনাথ শুধুমাত্র শুভেন্দুর নয়, দলের বহু নেতার কাছের মানুষ ছিলেন।

পরিকল্পিত রাজনৈতিক খুন বলে দাবি বিজেপির

বছর ৪০ এর চন্দ্রনাথ রথের কাজ ছিল শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কর্মকাণ্ড তদারকি করা। ২৬-এর নির্বাচন প্রক্রিয়া চলাকালীনও এই চন্দ্রনাথ নন্দীগ্রামে গিয়েছিলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। দলের তরফে প্রাথমিক অনুমান করা হয়েছিল যে, শুভেন্দু অধিকারী যদি মুখ্যমন্ত্রী হয় তাহলে চন্দ্রনাথ বড় দায়িত্ব পাবেন। কিন্তু তার আগেই সব শেষ। এমনকি গতকাল বিকেল পর্যন্ত শুভেন্দুর সঙ্গেই ছিলেন তিনি। বুধবার রাতে এই ঘটনায় রীতিমতো ফুঁসছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। এমনকি এই ঘটনাকে পরিকল্পিত রাজনৈতিক খুন বলে দাবি করছেন দলের শীর্ষ নেতৃত্বরা। বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের অভিযোগ, শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ভয় দেখাতেই তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগীকে নিশানা করা হয়েছে।

আরও পড়ুন: ‘১৫ বছর ধরে জঙ্গলরাজ চলছে’ আপ্ত সহায়ক চন্দ্রনাথ খুনে বিস্ফোরক শুভেন্দু অধিকারী

তৃণমূলের বিবৃতি

চন্দ্রনাথের খুনের ঘটনায় সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের তরফে বিবৃতিতে বলা হয়েছে, “মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথের নৃশংস খুনের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। গত তিন দিনে ভোট পরবর্তী হিংসায় আরও তিন তৃণমূল কর্মী খুন হয়েছেন। আদর্শ আচরণবিধি জারি থাকা সত্ত্বেও বিজেপি মদতপুষ্ট দুষ্কৃতীরাই এই হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ। এই ঘটনায় আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত হোক। দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে। গণতন্ত্রে রাজনৈতিক হিংসা ও খুনের কোনও স্থান নেই।” ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে তদন্ত করছে পুলিশ।