প্রীতি পোদ্দার, কলকাতা: গরমে সকলের বাড়িতে এসি না থাকলেও সিলিং ফ্যান থাকবেই থাকবে। প্রখর দাবদাহে একটু শান্তি পেতে এই ইলেকট্রিক ডিভাইসটি যথেষ্ট। কিন্তু নিয়মিত ঘর পরিষ্কার (Home Cleaning Tips) করলেও বাদ পড়ে যায় সিলিং ফ্যানটি (Ceiling Fan)। ফলে ফ্যানের ব্লেডে ময়লা জমলেই সমস্যা তৈরি হয়। তখন ফ্যান যত জোরেই ঘুরুক না কেন, গায়ে যেন হাওয়াই লাগে না। এদিকে এটি পরিষ্কার করা বেশ ঝামেলার কাজ, সময়ও লাগে বেশি। তবে চিন্তা নেই বেশ কয়েকটি ট্রিকস জানা থাকলেই পরিষ্কার থাকবে পাখা।
সিলিং ফ্যান পরিষ্কার রাখার টিপস
১. পাখার গায়ে যদি অল্প ময়লা জমে, তাহলে একটি শুকনো কাপড় দিয়ে আলতো ভাবে মুছে নিলেই পরিষ্কার হয়ে যাবে। তবে অবশ্যই বিছানার উপর একটা পুরনো চাদর পেতে নিতে হবে। যাতে ধুলো-ময়লা বিছানাতে পরবে না। এ বার শুকনো কাপড় নিয়ে প্রথমে হালকা হাতে ফ্যানের ব্লেডগুলি পরিষ্কার করে নিন।
২. ফ্যানের ব্লেড পরিষ্কার করার জন্য সোডার ব্যবহার করা যায়। সেক্ষেত্রে ডিটারজেন্টের সঙ্গে অল্প খাবার সোডা মিশিয়েও একটি মিশ্রণ বানিয়ে নিতে হবে। এরপর সামান্য জল দিয়ে ওই মিশ্রণের মধ্যে কাপড় ডুবিয়ে পরিষ্কার করে নিতে হবে ফ্যানের ব্লেডগুলো।
৩. ফ্যানের ব্লেড পরিষ্কার করতে খবরের কাগজও ব্যবহার করা যাবে। প্রথমে শুকনো কাপড় দিয়ে ময়লা পরিষ্কার করে নিতে হবে, তার পর খবরের কাগজ অল্প জলে ভিজিয়ে পরিষ্কার করে নিতে হবে।
আরও পড়ুন: প্রচণ্ড গরমে এসি ছাড়াই ঠান্ডা হবে বাড়ি, মেনে চলুন এই টিপস
৪. সিলিং ফ্যান সপ্তাহে দুইবার পরিষ্কার করার চেষ্টা করতে হবে। কারণ ধুলো জমলে ফ্যানটির ব্লেডের গতি যেমন কমে যায় ঠিক তেমনই আবার ফ্যাঁড়ি খারাপও হয়ে যেতে পারে। তবে এরজন্য শুকনো কাপড়ই যথেষ্ট।
অবশ্যই সিলিং ফ্যান পরিষ্কার করার আগে বাড়ির মেইন সুইচ মনে করে বন্ধ করে দিন। কারণ ভেজা কাপড় ব্যবহার করলে ইলেক্ট্রিক শক খাওয়ার সম্ভাবনা থাকে। যা খুবই বিপদজনক। তাই অবশ্যই এই সাবধানতা অবলম্বন করুন। এবং বাড়ির বাচ্চারা যেন ভুলেও এই কাজ না করে।










