অনন্যা সরকার, কলকাতা: শহরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে পশ্চিমবঙ্গ সরকার একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) ইতিমধ্যেই কড়া বার্তা দিয়ে জানিয়েছেন যে, এলাকা নোংরা করলে মিলবে শাস্তি। যেখানে সেখানে পানের পিক বা থুতু ফেললে দিতে হবে জরিমানা। ডেডলাইনও বেঁধে দিয়েছে সরকার। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই জরিমানা লাগু হবে। উত্তরবঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবিষয়ে বিশদে জানিয়েছেন অগ্নিমিত্রা পাল।
রাস্তায় থুতু ফেললে কত টাকা জরিমানা?
উত্তরবঙ্গ সফরে গিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। গতকাল (৭ জুন) সেখানে পুর আধিকারিকদের সাথে বৈঠকও সারেন অগ্নিমিত্রা পাল। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবেশ ও রাস্তাঘাট পরিষ্কার রাখতে একাধিক নির্দেশিকা দিয়েছেন তিনি। অগ্নিমিত্রা বলেন, যেখানে সেখানে ময়লা, পানের পিক ফেলা যাবে না। এমন কাজ করলেই দিতে হবে জরিমানা। ময়লা প্লাস্টিক ফেলাতেও কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মন্ত্রী প্রশ্ন তোলেন, মলে গেলে ভদ্র আর রাস্তায় অভদ্র কেন আমরা? দৃশ্য দূষণ রোধেও কাজ করবে সরকার বলে জানিয়েছেন মন্ত্রী। রাস্তায় থুতু ফেললে ৫০০ টাকা জরিমানা ধার্য করা আছে। পুরোনো সরকারের আমলে এই নিয়মই ছিল। নতুন সরকার এতে কোনও বদল আনে কিনা, সেটাই এখন দেখার।
পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখতে ইতিমধ্যেই রাজ্যে সরকারের তরফে চালু করা হয়েছে স্বচ্ছ অ্যাপ। কোথাও ময়লা পড়ে থাকলে সাধারণ জনগণ এই অ্যাপে ছবি তুলে আপলোড করতে পারেন। সেই ছবি দেখে পুরসভার তরফে দ্রুততার সাথে সেই জায়গাটি পরিষ্কার করা হবে। যিনি অভিযোগ জানিয়েছেন তাকে অ্যাপের মাধ্যমে নিশ্চিত করা হবে জায়গাটি সাফ করা হয়েছে।
আরও পড়ুনঃ লেক, ড্যাম, পাহাড় সব একসাথে, বর্ষায় ঘুরে আসুন ঘরের কাছের এই জায়গা থেকে
নগরোন্নয়ন দপ্তর রাজ্যের নাগরিকদের মধ্যে সচেতনতা তৈরি করতে ও তাদের অভ্যাস শোধরাতে তিন মাস সময় দিয়েছে। এরপর সেপ্টেম্বর মাস থেকে রাস্তা পানের পিক বা থুতু ফেলে নোংরা করলেই দিতে হবে মোটা টাকা ফাইন।










