অনন্যা সরকার, কলকাতা: রাজ্যের বিভিন্ন অঞ্চলে টোটো (Toto) বা ই-রিক্সার (Electric rickshaw) সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। এই আবহে টোটো চলাচলকে নিয়ন্ত্রণ করতে পরিবহন মন্ত্রী অর্জুন সিং কড়া বার্তা (Arjun Singh On Toto) দিয়েছেন। তিনি জানিয়েছেন যে, মেইন রোডে আর টোটো চলতে দেওয়া হবে না। এগুলি শুধুই গলি ও ভিতরের রাস্তাগুলিতেই চলাচল করতে পারবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবহন মন্ত্রী জানান, ভারী যানবাহন চলাচলের জন্য তৈরি হাইওয়ে বা প্রধান রাস্তাগুলিতে তিন চাকার টোটো নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। এই প্রসঙ্গে তিনি সুপ্রীম কোর্টের নির্দেশিকার কথাও উল্লেখ করেছেন।
মেইন রোডে টোটো চলায় নিষেধাজ্ঞা জারি করা হতে পারে
পরিবহণ মন্ত্রী অর্জুন সিং বলেন, হাই রোডগুলি ভারী যানবাহন চলাচলের জন্য তৈরি, সেখানে টোটো চালানো একেবারেই উচিত নয়। টোটোগুলি তিন চাকার ইলেকট্রিক চালিত যান, যার উপস্থিতি ব্যস্ত রাস্তায় ঝুঁকিপূর্ণ হতে পারে। যাত্রী নিয়ে চলাচল করার ফলে মেইন রোডে টোটো চললে সাধারণ মানুষের সুরক্ষার ঝুঁকি বাড়ে। দুর্ঘটনা রোধ করার পাশাপাশি যানজট কমানো এবং যাত্রী সুরক্ষার জন্য প্রশাসন শীঘ্রই মেইন রোডে টোটো বন্ধের নির্দেশিকা জারি করতে পারে।
রাজ্যে দিন দিন টোটোর সংখ্যা বাড়ছে, যা যানজট ও নিরাপত্তাজনিত সমস্যার সৃষ্টি করেছে। টোটোর জন্য এখনও কোনও রুট পারমিটের প্রয়োজন হয় না তাই টোটো চালকরা যেকোনো রাস্তায় যেতে পারেন। গত কয়েক বছরে রাজ্যের বহু বেকার যুবকরা নিশ্চিত রোজগারের আশায় টোটো চালানোর পথ বেছে নিয়েছেন। বিগত সরকারের আমলেও টোটো নিয়ন্ত্রণে জন্য নতুন নীতি চালু করেছিল পরিবহন দপ্তর। ২০২৫ সালের ৩০ নভেম্বরের মধ্যে প্রতিটি টোটোর রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করা হয়।
আরও পড়ুনঃ লোকাল ট্রেনে ভগৎ সিং-নেতাজি, পূর্ব রেলের উদ্যোগে সেজে উঠেছে কামরা
পরিবহন মন্ত্রীর এই মন্তব্যের পর টোটো চালকদের জন্য খুব শীঘ্রই মেইন রোড বন্ধ হবে বলে মনে করা হচ্ছে। তাদের চলাচল ভেতরের রাস্তাগুলিতেই সীমিত করা হবে, এতে বহু চালকের রোজগারে টান পড়তে চলেছে। তবে যাত্রী নিরাপত্তা এবং যানজট রোধে সরকারের এই পদক্ষেপ আগামী দিনে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।










