ব্রিকসের সম্মেলনে যোগ দিয়ে অসুস্থ হয়নি কোনও বিশ্বনেতা, স্পষ্ট জানাল ভারত

Published:

Brics Summit 2026

সৌভিক মুখার্জী, কলকাতা: দিল্লিতে ব্রিকসের সম্মেলনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। তবে বৃহস্পতিবার সমাজমাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়, ভারতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে (Brics Summit 2026) যোগ দেওয়ার পর একাধিক বিশ্বনেতা অসুস্থ হয়ে পড়েছেন। এমনকি তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা। এবার এ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ব্রিকস সম্মেলনে যোগ দিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বিশ্ব নেতারা?

আসলে ভারতে অনুষ্ঠিত ব্রিকসের শীর্ষ সম্মেলন থেকে ফেরার পর দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার জনসমক্ষে সমস্ত ধরনের কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা তাঁর কার্যালয় থেকে জানানোর পর একটি পোস্ট ভাইরাল হয়। সেখানে বলা হয় যে, অসুস্থতার কারণে ব্রিকস সম্মেলন শেষে ৭৩ বছর বয়সী প্রেসিডেন্টকে বিশ্রাম নিয়ে সুস্থ হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এমনকি অসুস্থতার কারণে রাষ্ট্রপতি সিরিল রামাফোসা বর্তমানে জনসমক্ষে উপস্থিত হতে পারছেন না এবং তিনি চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে রয়েছেন।

শুধু দক্ষিণ আফ্রিকা নয়, বরং চিনের প্রেসিডেন্ট সি জিনপিং সহ অন্যান্য বিশ্ব নেতাদের অসুস্থতার কথা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তবে সেই খবর সামনে আসতেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বৃহস্পতিবার একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়েছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে, “ভুয়ো সতর্কতা। আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে এই ধরনের বিদ্বেষমূলক পোস্টের বিরুদ্ধে সতর্ক করছি।”

আরও পড়ুন: ৩০ সেপ্টেম্বর অবধিই মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা! তারপর কী? জানাল সরকার

প্রসঙ্গত জানিয়ে রাখি, এবছরের ১২ এবং ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিকসের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ব্রিকসের সদস্য দেশগুলির পাশাপাশি অন্যান্য বিভিন্ন দেশের জনপ্রতিনিধিরাও সেখানে উপস্থিত হন। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ এবং এবং রাজনৈতিক উত্তেজনার মধ্যে নেতারা একতরফা জবরদস্তিমূলক পদক্ষেপ চাপিয়ে দেওয়ার নিন্দা জানান এই সম্মেলনে। তবে তারই মধ্যে বিশ্ব নেতাদের এই অসুস্থ হওয়ার খবর যে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে তা বলার অপেক্ষা রাখে না।