সৌভিক মুখার্জী, কলকাতা: জম্মু-কাশ্মীরের দুর্গম পার্বত্য অঞ্চলে জঙ্গি দমনে এবার বিরাট নজর গড়ল ভারতীয় সেনার এক প্রশিক্ষিত কুকুর। ‘টাইসন’ নামের জার্মান শেফার্ড প্রজাতির ওই আর্মি ডগ (Army Dog Tyson) গুলিবিদ্ধ হওয়ার পরেও এগিয়ে গিয়ে জঙ্গিদের লুকানো আস্তানার হদিশ দিয়েছে সেনাদের। আর সেই সূত্র ধরেই নিরাপত্তা বাহিনী তিন জইশ-ই-মহম্মদ জঙ্গিকে নিকেশ করেছে (Terrorist Encounter)।
কীভাবে সফল হল এই অভিযান?
রিপোর্ট অনুযায়ী, জম্মু-কাশ্মীরের কিশ্তোয়াড় জেলার ছাতরু এলাকায় দুর্গম পাহাড়ি অঞ্চলে জঙ্গিদের সন্ধান পেয়েছিল নিরাপত্তা রক্ষা বাহিনী। সেই অভিযানের অংশ নেয় ভারতীয় আর্মির প্যারা স্পেশাল ফোর্স, রাজ্য পুলিশ এবং সিআরপিএফ। অভিযানের সময় ‘টাইসন’ প্রথমে হামাগুড়ি দিয়ে পাথুরে ঢালে তৈরি জঙ্গিদের গোপন আস্তানায় পৌঁছেছিল। তবে কুকুরটিকে দেখে জঙ্গিরা গুলি চালায়। এতে একটি গুলি তার পায়েও লাগে। তবে থেমে থাকেনি সে। তার অগ্রগতির দিক অনুসরণ করেই জওয়ানরা সঠিক অবস্থান চিহ্নিত করেন আর পাল্টা অভিযানে তিন জঙ্গিকে খতম করেন।
উল্লেখ্য, এই অভিযানে নিহতদের মধ্যে ছিল জইশ-ই-মহম্মদের সবথেকে সক্রিয় সদস্য সাইফুল্লাহ। গত দু’বছর ধরেই ওই অঞ্চলে সক্রিয় ভূমিকা পালন করছিল সে, এবং একাধিকবার নিরাপত্তা রক্ষা বাহিনীর নজর এড়িয়ে পালিয়েছিল বলেও সূত্রের খবর। পাশাপাশি জঙ্গিদের কাছ থেকে দুটি একে-৪৭ রাইফেল, গুলি এবং অন্যান্য সামগ্রীও উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: রাস্তা নির্মাণে গাফিলতি! প্রতিবাদ করতেই হাত-পা বেঁধে মহিলাকে মারধর পটাশপুরে
‘টাইসন’ এর শারীরিক অবস্থা
এদিকে গুলিবিদ্ধ ‘টাইসন’-কে দ্রুত এয়ারলিফট করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেনাদের সূত্র মারফৎ খবর, তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে। তবে এই ঘটনায় এলাকাবাসী বিশেষ করে স্বস্তি প্রকাশ করেছে। কারণ, দীর্ঘদিন ধরেই জঙ্গিদের উপস্থিতিতে আতঙ্কে ছিল স্থানীয়রা। এক্ষেত্রে আরও একটি উল্লেখ করার বিষয়, ২০২৪ সালের অক্টোবর মাসে এরকম একই ধরনের এক অভিযানে ‘ফ্যান্টম’ নামের একটি বেলজিয়ান ম্যালিনোয়া জঙ্গি এনকাউন্টারের সময় নিজের প্রাণ উৎসর্গ করেছিল। ঠিক সেরকমই এক ঘটনার পুনরাবৃত্তি ঘটল কাশ্মীরে।












