‘প্রকৃত নাগরিকদের ভয় নেই, বাংলাদেশি হলে …’ অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় মন্তব্য জগন্নাথের

Published:

Annapurna Yojana

প্রীতি পোদ্দার, কলকাতা: শর্ত মেনেই গতকাল, বুধবার থেকেই অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা অনলাইনে দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। কিন্তু এখনও বহু মহিলা এই ফর্ম ফিল আপ করতে সংকোচ বোধ করছেন। এমতাবস্থায় তাঁদের উদ্দেশে এবার চাঞ্চল্যকর মন্তব্য করলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার (Jagannath Sarkar)। সরাসরি বাংলাদেশে চলে যাওয়ার নিদান দিলেন তিনি। যা নিয়ে তুমুল শোরগোল শুরু হয়ে রাজনৈতিক শিবিরে।

অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে গর্জে উঠলেন সাংসদ

রাজ্যের মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করে তুলতে বঙ্গ বিজেপি সরকার লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু করেছে ‘অন্নপূর্ণা যোজনা’। কিন্তু এই প্রকল্পের সুবিধা পেতে গেলে ১২ পাতার লম্বা ফর্ম পূরণ করতে হচ্ছে আবেদনকারীদের, যা নিয়ে আমজনতার একাংশের মধ্যে আশঙ্কার আবহ তৈরি হয়েছে। এমনকি অনেকেই তথ্য চুরির অভিযোগ তুলছেন। কিন্তু এবার সেই সকল অভিযোগের বিরুদ্ধে গর্জে উঠলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তিনি জানান, যাঁরা এদেশের প্রকৃত নাগরিক, তাঁদের তথ্য দিতে কোনো ভয় থাকার কথা নয়। এগিয়ে আসুন। ফর্ম পূরণ করুন। কিন্তু যাঁদের ভয় আছে, তাঁরা যদি বাংলাদেশি হয়ে থাকে তবে তাঁদের এদেশ ছেড়ে বাংলাদেশে চলে যাওয়াই উচিত।”

কী বলছেন জগন্নাথ সরকার?

রানাঘাটের বিজেপি সাংসদ অন্নপূর্ণা যোজনা প্রসঙ্গে আরও বলেন, “সরকারি সুযোগ-সুবিধা পেতে গেলে পরিচয়পত্র ও প্রয়োজনীয় নথি সরকারের কাছে জমা দেওয়াটা বাধ্যতামূলক। কিন্তু দেখা যাচ্ছে কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছেন। একমাত্র অনুপ্রবেশকারী বা যাঁদের নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা রয়েছে তাঁরাই নথির মুখোমুখি হতে ভয় পাচ্ছেন।” এছাড়াও জগন্নাথ সরকার আরও বলেন, “রাজ্যে ক্ষমতার পালাবদলের পরে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে প্রচুর মানুষের দেশ ছাড়ার হিড়িক চোখে পড়ছে। এদিকে এতদিন এরাই তৃণমূল সরকার থাকার সময় সব সরকারি প্রকল্পের সুযোগ, সুবিধা পেত, যা অনৈতিক।”

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার আবেদন ঠিকঠাক হয়েছে তো? এভাবে চেক করুন স্ট্যাটাস

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম নিয়ে যেখানে একাধিক মানুষ ক্ষুব্ধ অন্যদিকে এই প্রকল্পকে দুর্নীতিমুক্ত করতে সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে তা নিয়ে বেশ প্রশংসা করছেন বাকিরা। এতে যেমন প্রকৃতভাবে রাজ্যের আসল নাগরিকরা সুরক্ষিত হবেন ঠিক তেমনই অনুপ্রবেশকারীদের সরকারি সুবিধা পাওয়ার পথ চিরতরে বন্ধ হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও অগ্নিমিত্রা পাল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন যে,১২ পাতার ফর্মটি আরও একটু সহজ করার চেষ্টা করা হচ্ছে।”