দিনের পর দিন রুপির পতনের জের! অর্থনীতিতে একধাপ পিছিয়ে ষষ্ট স্থানে ভারত

Published:

Economy of India

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের জন্য ফের দুঃসংবাদ। এতদিন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি (Economy of India) হওয়ার লক্ষ্যে দৌড় শুরু করেছিল দেশ। তবে সাম্প্রতিক আন্তর্জাতিক সমীকরণে ছন্দপতন ঘটল ভারতের। দিনের পর দিন ভারতীয় মুদ্রার (Indian Rupee) পতনের জেরে তলানিতে ঠেকল দেশের অর্থনীতি। আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার (IMF) ও সর্বশেষ অর্থনৈতিক পরিসংখ্যান বলছে, ভারত বর্তমানে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনৈতিক দেশ। হ্যাঁ, ২০২৪ সালে ব্রিটেনকে টপকে পঞ্চম স্থানে উঠে এলেও ২০২৬ সালের নতুন রিপোর্টে আরও একধাপ তলানিতে ঠেকেছে।

কেন পিছিয়ে পড়ল ভারত?

অর্থনীতিবিদরা বলছেন, এই পতনের পেছনে দুটি কারণ কাজ করছে। প্রথমত, দিনের পর দিন ডলারের বিপরীতে ভারতীয় টাকার পতন। গত কয়েক মাস ধরেই মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় টাকার রেকর্ড হারে পতন ঘটেছে, যা আমদানি খরচ বাড়িয়ে দিয়েছে এবং ডলারের নিরিখে ভারতের অর্থনীতির মোট আয়তনকেও অনেকটাই কমিয়ে দিয়েছে। আর দ্বিতীয়ত রয়েছে জিডিপি সংশোধন। ২০২৫-২৬ অর্থবর্ষে জিডিপি প্রবৃদ্ধির হিসেবে কিছুটা সংশোধন আর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি ভারতের অভ্যন্তরীণ উৎপাদনের উপরে প্রভাব ফেলেছে। যার কারণে এই পতন।

তবে বর্তমানে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলির তালিকা যদি আমরা খতিয়ে দেখি তাহলে দেখতে পাবো—প্রথমেই রয়েছে আমেরিকা যাদের মোট অর্থনীতির পরিমাণ ৩০.৮ ট্রিলিয়ন ডলার, চিনের ১৯.৬ ট্রিলিয়ন ডলার, জার্মানির ৪.৭ ট্রিলিয়ন ডলার, জাপানের ৪.৪৪ ট্রিলিয়ন ডলার, ব্রিটেনের ৪ ট্রিলিয়ন ডলার এবং ভারতের মাত্র ৩.৯২ ট্রিলিয়ন ডলার।

আরও পড়ুন: মোথাবাড়ি কাণ্ডে এক মামলায় জামিন, তবে এখনই জেলমুক্তি নয় মোফাক্কেরুলের

২০২৭-এ কি কামব্যাক করবে ভারত?

এদিকে একধাপ নিচে নামলেও বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতির দিক থেকে ভারতের পিছিয়ে পড়াটা শুধু সাময়িক পতন। আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালেই নাকি ভারত আবারও ব্রিটেনকে টপকে চতুর্থ স্থানে উঠে আসবে। এমনকি ২০২৮ সালের মধ্যে জাপানকে ছাড়িয়ে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তালিকায় তলার দিকে অবস্থান করলেও একটি বিষয়ে ভারত এখনও পর্যন্ত অপ্রতিদ্বন্দ্বি। তা হল প্রবৃদ্ধির হার। ভারত এখনও পর্যন্ত বিশ্বের দ্রুততম প্রবৃদ্ধি পাওয়া অর্থনীতি হিসেবে নিজেদের লক্ষ্যমাত্রা ধরে রেখেছে। আর হাতেগোনা কয়েকটা দেশের মধ্যেই ভারত অন্যতম, যারা দীর্ঘমেয়াদে ধারাবাহিকভাবে ৬ শতাংশের বেশি হারে জিডিপি বাড়িয়েছে। এখন দেখার, ভারত আবারও আগের অবস্থানে ফিরতে পারে কিনা।