১৪ জুনের আগে আধারের এই কাজ না করলে ফাইন! নির্দেশ UIDAI-র

Published:

Aadhaar

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতে আধার কার্ড (Aadhaar Card) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। এই আধার কার্ড দিয়েই ব্যাঙ্কিং পরিষেবা থেকে শুরু করে অন্যান্য একাধিক সরকারি কাজ করা সম্ভব। বলা যেতে পারে প্রায় সব ক্ষেত্রেই আধার কার্ড প্রয়োজন। তবে এমন অনেকেই রয়েছেন যাঁরা নিজেদের ঠিকানা বা ফোন নম্বরের মতো বেশ কিছু তথ্য বদলালেও আধার কার্ডে সেটি আপডেট করেননি। এমনটা করে থাকলে ভবিষ্যতে সমস্যায় পড়তে হবে আপনাকেই। তাই আগামী 14 জুনের আগে এই সংশোধনের কাজ করে নেওয়া ভাল।

14 জুনের আগেই আধার কার্ড আপডেট করিয়ে নিন

যাঁদের আধার কার্ড মূলত 10 বছর বা তারও আগে তৈরি, সেগুলি যত দ্রুত সম্ভব আপডেট করিয়ে নেওয়া ভাল। ভারতীয় স্বতন্ত্র পরিচয় কর্তৃপক্ষ বা UIDAI এর পরামর্শ, আগামী 14 জুন তারিখের আগে আধার কার্ডের তথ্য আপডেট সম্পূর্ণ বিনামূল্যে করে নিতে পারবেন গ্রাহকরা। তবে এরপর করতে গেলে গুনতে হবে অতিরিক্ত খরচ। তাই ফাইন না গুনতে চাইলে আজই নিজের আধার কার্ড আপডেট করিয়ে নিন।

বাড়িতে বসে আধার কার্ড আপডেট করতে পারবেন

বাড়িতে বসে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে নিজের আধার কার্ড আপডেট করিয়ে নিতে চাইলে নিজের স্মার্টফোনে ডাউনলোড করে নিন mAadhaar অ্যাপ। এছাড়াও myAadhaar পোর্টাল থেকে এই কাজ করতে পারবেন। এর জন্য প্রথমেই পোর্টালে গিয়ে নিজের আধার নম্বর দিয়ে লগইন করে নিন। এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা OTP বসিয়ে সাবমিট করুন। লগইন করার পর যে ড্যাশবোর্ড খুলবে সেখান থেকে ডকুমেন্ট আপডেট অপশনে ক্লিক করুন। সেখানে আপনার যাবতীয় তথ্য যেমন নাম, জন্মের তারিখ, লিঙ্গ, ঠিকানা, মোবাইল নম্বরের মতো বিষয়গুলি যাচাই করে নিন।

অবশ্যই পড়ুন: রাজ্যে বুথের সংখ্যা বাড়াল নির্বাচন কমিশন, পোস্টাল ব্যালটে শুরু হল কর্মীদের ভোটগ্রহণ

কিছু আপডেট করার থাকলে সেখান থেকে সেটি আপডেট করে নিয়ে কনফার্মেশন বক্সে ক্লিক করে পরবর্তী ধাপে পৌঁছন। এরপর সামনে আসা পেজের তালিকা থেকে আপনার কাছে থাকা বৈধ পরিচয় পত্র এবং ঠিকানার প্রমাণ পত্র নির্বাচন করে নিন। যে নথি গুলি আপলোড করতে হবে সেগুলি PNG, JPEG এবং PDF আকারে আপলোড করুন। এরপর আপডেটের কাজ শেষ করতে সাবমিট বাটনে ক্লিক করুন। এটা করলেই কাজ হয়ে যাবে। আপনার অ্যাপ্লিকেশন বা আপডেট রিকুয়েস্ট ট্র্যাক করার জন্য SRN নম্বরটি নিজের কাছে রেখে দিন। পরে ওই নম্বর দিয়েই আপডেট স্ট্যাটাস চেক করতে পারবেন।