সিমলা যাওয়া আরও সহজ, হাওড়া-চন্ডিগড় স্পেশাল ট্রেন দিল রেল, দেখুন সময়সূচি

Published:

Howrah-Chandigarh Summer Special Train

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গ্রীষ্মের প্রখর রোদে একেবারে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। ঠিক এই সময়ে ঠাণ্ডা এবং মনোরম আবহাওয়ায় পরিবারকে নিয়ে ছুটি কাটাতে সিমলা ঘুরতে যান অনেকেই। তবে এই হিল স্টেশনে পৌঁছতে ট্রেনের (Indian Railways) টিকিট পাওয়া নিয়ে যথেষ্ট ঝক্কি পোহাতে হয় যাত্রীদের। তাছাড়াও জেনারেল কামরায় গরমের মধ্যে ভিড়ে ঠাসাঠাসি করে যেতে গিয়ে প্রাণ অষ্টাগত হয়ে যায় যাত্রীদের। মূলত সে কারণেই যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে হাওড়া থেকে চন্ডিগড় সামার স্পেশাল ট্রেন (Summer Special Train) চালু করছে রেল। শুধুমাত্র এ মাসেই চলবে এই বিশেষ ট্রেন।

সিমলা ঘুরতে যাওয়া এবার আরও সহজ

ভারতের জনপ্রিয় শহর চন্ডিগড় থেকে সিমলার দূরত্ব মাত্র 111 কিলোমিটার। গাড়িতে করে গেলে চন্ডিগড় থেকে সিমলা পৌঁছতে সময় লাগবে তিন ঘন্টার কাছাকাছি। যেহেতু হিমাচল প্রদেশের হিল স্টেশন সিমলা চন্ডিগড়ের কাছেই অবস্থিত ফলে হাওড়া থেকে চালু হওয়া সামার স্পেশাল ট্রেনে চেপে প্রথমে চন্ডিগড় স্টেশন এবং সেখান থেকে গাড়িতে করে পৌঁছে যেতে পারবেন আপনার পছন্দের ডেসটিনেশন সিমলায়।

কবে কবে চলবে সামার স্পেশাল ট্রেন?

ইস্টার্ন রেলওয়ের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে মূলত গরমের কারণে হাওড়া-চন্ডিগড় যে সামার স্পেশাল ট্রেন চালু করা হচ্ছে সেটি মূলত তিনটি করে ট্রিপ করবে। এই ট্রেনটি চন্ডিগড় থেকে চলবে এপ্রিলের 18, 22 এবং 24 তারিখ। বলে রাখি, এই তিন দিন ট্রেনটি রাত 11 টা বেজে 45 মিনিটের চন্ডিগড় স্টেশন থেকে ছেড়ে সকাল সাড়ে ছটায় হাওড়া স্টেশনে পৌঁছবে। একইভাবে 20 এপ্রিল, 24 এপ্রিল এবং 29 এপ্রিল হাওড়া স্টেশন থেকে সকাল 8টা 50 মিনিটে ছেড়ে চন্ডিগড়ে পৌঁছবে পরের দিন সন্ধ্যা সাতটা 20 মিনিটে।

বলে রাখা প্রয়োজন, 04513 এবং 04514 হাওড়া থেকে চন্ডিগড় আবার চন্ডিগড় থেকে হাওড়াগামী সামার স্পেশাল ট্রেন দুটি নিজেদের যাত্রা পথে আম্বালা ক্যান্টনমেন্ট, সাহারানপুর, মোরাদাবাদ, বরেলি, শাহজাহানপুর, সুলতানপুর, বারাণসী, গয়া থেকে শুরু করে বাংলার আসানসোল, দুর্গাপুর, বর্ধমান এমনকি ব্যান্ডেলের মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে থামবে।

হাওড়া থেকে চন্ডিগড় কতক্ষণ সময় লাগবে?

রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া এবং চন্ডিগড়ের মধ্যেকার 1617 কিলোমিটার পথ অতিক্রম করবে সামার স্পেশাল ট্রেনটি। আর এই দূরত্ব অতিক্রম করতে ট্রেনটির সময় লাগবে 30 থেকে 34 ঘন্টা। সবচেয়ে বড় কথা, এই ট্রেনে রয়েছে মোট 15টি কোচ। যার মধ্যে 9টি থ্রি টায়ার এসি, চারটি স্লিপার এবং দুটি পাওয়ার কার বা গার্ড কোচ রয়েছে।

অবশ্যই পড়ুন: চলবে ৪ মাস, কলকাতা-ঋষিকেশ স্পেশাল ট্রেন দিল রেল, জানুন রুট ও ভাড়া

প্রসঙ্গত, গরমের সময় যাত্রীদের কষ্ট কিছুটা কমাতে হাওড়া-চন্ডিগড় সামার স্পেশাল ট্রেন চালু করেছে রেল। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে, চন্ডিগড় স্টেশন সুপারিনটেন্ড সঞ্জীব কুমার চৌধুরী জানিয়েছেন, “গরমের সময় যাত্রীদের জন্য স্টেশন গুলিতে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। তাঁদের সমস্যার কথা চিন্তা করেই চালু করা হয়েছে এই বিশেষ ট্রেন। আগামী দিনে যাত্রীদের সংখ্যা বাড়লে আরও বেশি করে স্পেশাল ট্রেন চালানোর বিষয়টি বিবেচনা করবে রেল।”