ওড়িশার উপকূলে ৪ লেনের করিডোর, আরও কম সময়ে হাওড়া-চেন্নাই! বড় প্ল্যান রেলের

Published:

Howrah-Chennai Route

সৌভিক মুখার্জী, কলকাতা: আরও উন্নত হবে হাওড়া-চেন্নাই রুট (Howrah-Chennai Route)। যানজট কমানোর জন্য রেলমন্ত্রী ওড়িশার উপকূল বরাবর এবার চার লাইনের করিডর তৈরির পরিকল্পনা করেছেন। ওড়িশা সফরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) নিজেই ঘোষণা করেছেন যে, পরিকল্পিত পদক্ষেপের মাধ্যমেই রাজ্যের ৩০টি জেলাতে রেল সংযোগ করা হচ্ছে। যার মধ্যে হাওড়া-চেন্নাই রুটকে আরও উন্নত করা হবে (Indian Railways)।

হাওড়া-চেন্নাই রুট নিয়ে বিরাট পদক্ষেপ রেলের

বলে রাখি, দিল্লি-হাওড়া বা দিল্লি-মুম্বাইয়ের পর হাওড়া-চেন্নাই ভারতীয় রেলের বেশ জনপ্রিয় একটি রুট। রেলমন্ত্রী জানিয়েছেন যে, রেলের পরিকাঠামো আরও উন্নত করা হবে এবং প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলগুলিতে রেল নেটওয়ার্ক পৌঁছে দেওয়া হবে। তাঁর সংযোজন, উপকূলীয় ওড়িশা বরাবর বালেশ্বর থেকে ব্রহ্মপুর পর্যন্ত একটি চার লেনের রেল করিডোর তৈরি করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এটি যদি সম্পন্ন হয়, তাহলে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। আর হাওড়া-চেন্নাই মেন লাইনে জট কমাতেও বিরাট ভূমিকা রাখবে। এছাড়াও হাওড়া থেকে চেন্নাই আরও কম সময়েও যাওয়া যাবে।

তিনি বলেন, এই প্রকল্পটি পূর্ব উপকূল রেলওয়ে অঞ্চলের প্রশাসনিক তত্ত্বাবধানে থাকবে। আর এই রূপান্তরমূলক উদ্যোগগুলি আঞ্চলিক সংযোগকে আরও জোরদার করবে। পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিও ঘটাবে। এমনকি ওড়িশা ও বাংলার মধ্যে পণ্য ও যাত্রী নেটওয়ার্ক উন্নত হবে। মন্ত্রী পশ্চিম ওড়িশার বিশেষ করে জুনাগড়-নবরঙ্গপুর-জয়পুর-মালকানগিরি-ভদ্রাচলম করিডর বরাবর যোগাযোগ আরও শক্তিশালী করার জন্য ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করার কথাও বলেছেন।

আরও পড়ুন: টিপ, তিলকে নিষেধাজ্ঞা! ক্ষমায় কাজ না হওয়ায় নতুন পোশাক বিধি Lenskart-র

এদিকে কেন্দ্রীয় রেলমন্ত্রী এদিন আরও বলেছেন যে, অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় ওড়িশার ৫৯টি রেলস্টেশন এবার পুনঃনির্মাণ করা হচ্ছে। যেগুলি একেবারে আধুনিক ঝাঁ-চকচকে লুক পাবে। এর আগে তিনি ভুবনেশ্বর রেল স্টেশনের পুনঃনির্মাণ পরিদর্শন করেছেন এবং সেখানে স্টেশনের সুবিধা থেকে শুরু করে প্রবেশ পথ, আশেপাশের এলাকা সহ একাধিক উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা করে দেখেন। পাশাপাশি সমস্ত কাজ সময়মতো শেষ করার নির্দেশ দেন। এখন দেখার, কবে এরই চার লেনের করিডর তৈরি হয়।