বুলেট ট্রেনের প্রস্তুতি? হাওড়া স্টেশনে বড় বদল আনছে পূর্ব রেল, বাড়ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য

Published:

Howrah Junction

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের সবচেয়ে ব্যস্ততম রেল স্টেশন হাওড়া জংশন (Howrah Junction)। এবার সেই স্টেশনেই 22 থেকে 24 কোচের মেল এবং এক্সপ্রেস ট্রেন চলাচলের জন্য বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেল (Indian Railways)। জানা গিয়েছে, হাওড়ায় যাতে আগামী দিনে 22 থেকে 24 কোচের ট্রেন যাতায়াত করতে পারে এবং দাঁড়াতে পারে সেজন্যই হাওড়া স্টেশনের বেশিরভাগ প্লাটফর্মের উন্নয়নের কাজ করবে রেল। যদিও ইতিমধ্যেই জোনাল রেলওয়ে হাওড়া স্টেশনের 14 এবং 15 নম্বর প্লাটফর্ম দুটিতে উন্নয়নের কাজ সেরে ফেলেছে।

কোটি কোটি টাকা খরচ করে হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মগুলির কাজ করছে রেল

রেল সূত্রে খবর, হাওড়া স্টেশনের 14 ও 15 নম্বর প্লাটফর্ম দুটির মধ্যে 14 নম্বর প্লাটফর্মটির দৈর্ঘ্য 518 মিটার পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ফলে এই প্ল্যাটফর্মে 22 থেকে 24 কোচের ট্রেন সহজেই দাঁড়াতে পারবে। একই সাথে 15 নম্বর প্লাটফর্মটির দৈর্ঘ্য বাড়ানো হয়েছে 591 মিটার পর্যন্ত। এখানেই শেষ নয়, 3 কোটি টাকা খরচ করে হাওড়ার 24 নম্বর প্লাটফর্মটিকে 635 মিটার পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। একই সাথে 15 কোটি টাকা ব্যয় করে রেলের বিশেষ প্রকল্পের অধীনে সংস্কার করা হয়েছে 16 নম্বর প্লাটফর্মটিকেও। যাতে এই প্লাটফর্মে 12 কোচের ট্রেনগুলি অত্যাধুনিক সমস্ত রকমের সুযোগ সুবিধা পায়।

এছাড়াও ইস্টার্ন রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা শিবরাম মাঝি জানিয়েছেন, ভারতীয় রেলের বিশেষ উদ্যোগে হাওড়া স্টেশনের 10, 11, 12 এবং 13 নম্বর প্লাটফর্মগুলিতেও সংস্কারের কাজ চলছে। এই প্লাটফর্মগুলির মধ্যে প্রথম তিনটির দৈর্ঘ্য যথাক্রমে 542, 591, 547 মিটার পর্যন্ত বাড়ানো হবে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এও জানিয়েছেন, আগামী দিনে হাওড়া স্টেশনের 1, 8, 10, 11, 12, 13, 14 এবং 15 নম্বর প্লাটফর্মগুলিকে 22 থেকে 24 কোচের এলএইচবি ট্রেনের স্টপেজ দেওয়ার জন্য পুরোপুরি উপযুক্ত করে তোলা হবে। এর ফলে যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা অনেকটাই বাড়বে। বাড়বে নিরাপত্তাও।

অবশ্যই পড়ুন: হরমুজ বন্ধ থাকা সত্ত্বেও তেল আমদানি চালিয়ে গেছে ভারত, অবাক গোটা বিশ্ব!

রেলের ওই কর্মকর্তা আরও জানান, হাওড়া জংশন স্টেশনের পুরনো এবং নতুন উভয় কমপ্লেক্স দুটি নতুন এক্সিকিউটিভ লাউঞ্জ তৈরি করা হয়েছে। একই সাথে আপার ক্লাস ওয়েটিং হলে 3 কোটি টাকা খরচ করে দুটি নতুন লিফট বসানো হয়েছে। এর ফলে দিব্যাঙ্গজন ও বয়স্ক যাত্রীরা আরামে যাতায়াত করতে পারবেন। সব মিলিয়ে বলাই যায়, 173 বছরেরও বেশি পুরনো বাংলার এই প্রাচীন স্টেশনটিকে অত্যাধুনিক করে তুলতে বদ্ধপরিকর রেল। সাধারণত বুলেট ট্রেনে সর্বোচ্চ 16টি কোচ থাকে। এদিকে হাওড়া স্টেশনে 22 থেকে 24 কোচের মেল ও এক্সপ্রেস ট্রেন থামাবার জন্য তড়িঘড়ি পূর্ব রেল প্ল্যাটফর্মগুলির সংস্কারের উদ্যোগ নেওয়ায় অনেকেই বলছেন এসবের মধ্যে দিয়ে কি হাওড়া স্টেশনে বুলেট ট্রেন প্রবেশ করানোর প্রস্তুতি চলছে?