২০০ মিটারের মধ্যে নিষেধাজ্ঞা! শহরে মোতায়েন ৩ হাজার পুলিশ, তৎপর কেন্দ্রীয় বাহিনী

Published:

West Bengal Election 2026

প্রীতি পোদ্দার, কলকাতা: এইমুহুর্তে ভোটের (West Bengal Election 2026) হাওয়া বেশ গরম, আর কিছুক্ষণ পরেই বোঝা যাবে, এবার জনগণ প্রত্যাবর্তন চাইছেন নাকি পরিবর্তন। ফলতা বাদে মোট ২৯৩ টি কেন্দ্রে চলছে ভোটের গণনা। বেশিরভাগ কেন্দ্রে ইতিমধ্যেই এগিয়ে রয়েছে বিজেপি (BJP), অন্যদিকে আবার তৃণমূলও (TMC) এগিয়ে বেশ কয়েকটি কেন্দ্রে। তবে চূড়ান্ত ফলাফল এখনও প্রকাশিত হয়নি। অন্যদিকে ভোটের কারণে শহরজুড়ে যাতে কোনও অশান্তি না ছড়ায়, তা নিশ্চিত করতে কড়া নিরাপত্তার ব্য‌বস্থা করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)।

৮ গণনা কেন্দ্রে নজরদারি পুলিশের

লালবাজারের তরফে জানানো হয়েছে, আজ সকাল থেকেই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, আলিপুরের হেস্টিংস হাউস কমপ্লেক্স, যাদবপুরের এপিসি রায় পলিটেকনিক কলেজ, আলিপুরের জাজেস কোর্ট রোডের বিহারীলাল কলেজ, ডায়মন্ড হারবার রোডের সেন্ট থমাস বয়েজ স্কুল, লর্ড সিনহা রোডের সাখোয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, বালিগঞ্জের গভর্নমেন্ট হাই স্কুল এবং বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি এই ৮ কেন্দ্রে ভোটগণনা চলছে। তাই সেখানে নিরাপত্তা বলয়ের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। কোনরকম যাতে বিশৃঙ্খলামূলক পরিস্থিতি তৈরি না হয় তার জন্য তৎপর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

স্পর্শকাতর এলাকায় মোতায়েন পুলিশ

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, প্রতিটি গণনাকেন্দ্রের ভিতরে থাকছে তিনস্তরের নিরাপত্তা বলয়। সেগুলি হল- কেন্দ্রীয় বাহিনী, সশস্ত্র পুলিশ আধিকারিক ও সশস্ত্র কনস্টেবল। কোনও রাজনৈতিক দলের সমর্থক যাতে গণনাকেন্দ্রের খুব কাছে ভিড় জমাতে না পারে, সেই কারণে ২০০ মিটারের মধ্যে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছ। বিভিন্ন দলের সমর্থকদের পৃথকভাবে রাখা হয়েছে। এছাড়াও শহরের বিভিন্ন রাস্তা, গুরুত্বপূর্ণ মোড়, এবং সম্ভাব্য স্পর্শকাতর এলাকায় মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত তিন হাজার পুলিশকর্মী। অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার এবং ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিকরা গোটা বিষয়টি পর্যবেক্ষণ করে চলেছে।

আরও পড়ুন: “কড়া নজরদারিতে ভোট গণনা” বিজয় মিছিল নিয়ে বড় মন্তব্য সুব্রত গুপ্তর

গণনার ফল ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে কর্মী -মর্থকদের মধ্যে উত্তেজনা বাড়তে পারে, এই আশঙ্কায় আজ বাতিল করা হয়েছে বিজয় মিছিল। যদিও পড়ে এই মিছিল নিয়েও নজরদারি বাড়ানো হয়েছে। সেখানে পুলিশের উপস্থিতি বাধ্যতামূলক করার পাশাপাশি কোনও মিছিলে হামলার আশঙ্কা তৈরি হলে দ্রুত হস্তক্ষেপ করার নির্দেশ মিলেছে কমিশনের তরফে। প্রস্তুত কেন্দ্রীয় বাহিনীও। গত কয়েক বছরের অভিজ্ঞতার ভিত্তিতে শহরের যেসব এলাকায় ভোট-পরবর্তী অশান্তি দেখা গিয়েছিল, সেই সব অঞ্চলগুলিতে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ চালাচ্ছে। সব মিলিয়ে ভোট-পরবর্তী পরিস্থিতি যাতে শান্তিপূর্ণ থাকে, সেই দিকে নজর পুলিশ প্রশাসনের।