আগামীকালই গঠিত হচ্ছে নতুন সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, শপথ নেবেন ৩৫ জন মন্ত্রী

Published:

BJP Government cabinet

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সরকার (BJP Government) গঠন হয়েছে সম্প্রতি। তবে অনেকের মনেই প্রশ্ন ছিল, কবে পশ্চিমবঙ্গ বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হবে? অবশেষে সেই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার স্পষ্ট করে জানিয়ে দিলেন, আগামীকাল অর্থাৎ সোমবার লোকভবনে শপথ নেবেন 35 জন মন্ত্রী। গড়ে উঠবে রাজ্যের প্রথম বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা। কখন শুরু হবে শপথ গ্রহণ পর্ব? সেটাও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সকাল সকাল শপথ নেবেন মন্ত্রীরা

রাজ্যবাসীর মন জয় করে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি। ওদিকে 80টি আসন নিয়ে ক্ষমতা থেকে সারতে হয়েছে তৃণমূলকে। বিধানসভা নির্বাচনের আগে বাংলায় বিজেপি ক্ষমতা এলে ঠিক কী কী করবেন তার খতিয়ান দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। গত 9 তারিখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নিয়েই একে একে নিজের প্রতিশ্রুতি পূরণ করতে শুরু করেন মুখ্যমন্ত্রী। এদিন শুভেন্দুর পাশাপাশি ব্রিগেডে শপথ নিয়েছিলেন পাঁচ মন্ত্রীও। পরবর্তীতে তাঁদের নিয়েই ক্যাবিনেট বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

বলাই বাহুল্য, রাজ্যের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের আগে গত সপ্তাহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য উড়ে গিয়েছিলেন দিল্লিতে। আলাদা আলাদা ভাবে শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠক করেন তাঁরা। আর সেই বৈঠকের পরই নাকি ঠিক হয় জুন মাসের প্রথম দিকেই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হবে। সেই মতোই আগামীকাল অর্থাৎ পহেলা জুন সেই প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে।

এই মুহূর্তে যেহেতু মুখ্যমন্ত্রীকে নিয়ে বিজেপির 6 জন মন্ত্রীর দপ্তর পূর্ণ হয়েছে ফলে আগামীকাল মন্ত্রিসভা গঠনের আগে মন্ত্রী হিসেবে শপথ নেবেন 35 জন। তারপরেই শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় মোট সদস্যের সংখ্যা গিয়ে দাঁড়াবে 41 এ। সাধারণত সংবিধানের বিধি অনুযায়ী, রাজ্যের বিধানসভার মোট সদস্য সংখ্যা অন্তত 15 শতাংশের বেশি মন্ত্রী করা যায় না। সেই হিসেবে 294 আসনের মধ্যে মন্ত্রী হওয়ার সর্বোচ্চ সীমা 44 জন। তবে বিজেপির সরকারের মন্ত্রী হচ্ছেন 41 জন ব্যক্তি।

 

অবশ্যই পড়ুন: প্রেমিকের বাড়ি থেকে কাঁদতে কাঁদতে ফেরার পরই আত্মহত্যা, সায়নীর মৃত্যু নিয়ে বড় তথ্য

প্রসঙ্গত, রবিবার অর্থাৎ 31 মে, নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে সোমবারের মন্ত্রিসভা গঠনের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি লিখেছেন, “আগামীকাল পশ্চিমবঙ্গের জনগণের রায়ে নির্বাচিত রাষ্ট্রবাদী সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হতে চলেছে। মন্ত্রিসভা সম্প্রসারণের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের 35 জন মন্ত্রী সকাল 11টায় লোকভবনে শপথ গ্রহণ করবেন। মহামান্য রাজ্যপাল শ্রী আর এন রবি মহোদয় লোকভবনে তাঁদের শপথ বাক্য পাঠ করাবেন।” তবে এদিন 35 জন মন্ত্রীর তালিকায় কারা কারা রয়েছেন সেই ইঙ্গিত দেননি মুখ্যমন্ত্রী।