সহেলি মিত্র, কলকাতা: পঞ্চম বেতন পে কমিশনের আওতায় এখনও বকেয়া টাকা পাননি বাংলার সরকারি কর্মীরা। চলছে বিক্ষোভ। এদিকে বিক্ষোভ আন্দোলনের মাঝেই পশ্চিমবঙ্গ সরকার সপ্তম বেতন পে কমিশনের (7th Pay Commission) ঘোষণা করেছে। চলতি বছরের রাজ্য বাজেটে এই নতুন পে কমিশনের ঘোষণা করে স্বাভাবিকভাবেই সকলকে চমকে দেয় সরকার। এখন প্রশ্ন উঠছে, সরকার ঘোষণা তো করেছে বটে, কবে থেকে এটি লাগু হবে? ঠিক কী কী সুবিধা মিলবে তা এখনো স্পষ্ট নয় অনেকের কাছে। আজকের এই প্রতিবেদনে সেই বিষয়টি নিয়েই আলোচনা হবে।
কবে থেকে লাগু হচ্ছে সপ্তম বেতন পে কমিশন?
আগামী ৩১ মার্চ, ২০২৬- এর মধ্যে পঞ্চম বেতন পে কমিশনের (5th Pay Commission) আওতায় পশ্চিমবঙ্গ সরকারকে বকেয়া টাকা মেটানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিকে এ বিষয়ে সরকারের এখন অবধি কোনওরকম হেলদোল না থাকায় দফায় দফায় বিক্ষোভ আন্দোলনের সামিল হচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। এসবের মাঝেই চলতি বছরের রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গ সরকার ৪ শতাংশ ডিএ (Dearness allowance) বা মহার্ঘ্য ভাতা এবং সপ্তম বেতন পে কমিশনের ঘোষণা করে। আর এই ঘোষণা বিধানসভা ভোটের আগে বিরাট মাস্টারস্ট্রোক হিসেবে দেখছেন সকলে। প্রশ্ন একটাই নতুন বেতন কাঠামো কবে থেকে কার্যকর হবে এবং বেতন কতটা বাড়তে পারে? দেখে নিন এক নজরে।
আরও পড়ুনঃ ‘DA, পেনশন দূর! বেতনই বন্ধ হতে পারে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের!’ চাঞ্চল্যকর তথ্য
গত ৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশের সময় রাজ্য সরকার সপ্তম পে কমিশন গঠনের কথা জানায়। রাজ্যে বর্তমানে চালু থাকা ষষ্ঠ পে কমিশন বা রোপা ২০১৯-এর মেয়াদ শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর ২০২৫। সেই হিসেবে নিয়ম মেনে ১ জানুয়ারি ২০২৬ থেকেই সপ্তম পে কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার কথা। তবে বেতন কাঠামো নিয়ে এখনো অবধি সরকারের তরফে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। এখানেও অবশ্য ফিটমেন্ট ফ্যাক্টরই শেষ কথা বলবে।
এতটা বাড়তে পারে বেতন!
বেতন কতটা বাড়বে সেটা জানার আগে বুঝতে হবে ফিটমেন্ট ফ্যাক্টরের বিষয়ে। কারণ যে কোনও পে কমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ‘ফিটমেন্ট ফ্যাক্টর’। বিশেষজ্ঞদের মতে, রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্য রেখে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৯১ থেকে ৩.১৫-এর মধ্যে রাখতে পারে। যদিও এ বিষয়ে এখনও কোনও সরকারি বিবৃতি মেলেনি। যদি এই হারে বেতন পরিকাঠামো সংশোধন হয়, তবে কর্মীদের বেসিক পে কার্যত তিনগুণ পর্যন্ত বাড়তে পারে।
আরও পড়ুনঃ বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি, দক্ষিণবঙ্গের ৬ জেলায় সতর্কতা! আজকের আবহাওয়া
উদাহরণ হিসেবে বলা যায়, কারও বর্তমান বেসিক বেতন যদি ১৮,০০০ টাকা হয়, তাহলে ২.৯১ ফিটমেন্ট ফ্যাক্টরে নতুন বেসিক দাঁড়াতে পারে প্রায় ৫২,৩৮০ টাকা। আর ৩.১৫ হলে তা বেড়ে প্রায় ৫৬,৭০০ টাকা হতে পারে। বেসিক বাড়ার পাশাপাশি অটোমেটিকভাবে HRA, DA, DR বাড়বে। বাজেটে রাজ্য সরকার ৪% মহার্ঘ্য ভাতার ঘোষণা করেছিল। এর ফলে এখন সকলের ডিএ পরিমাণ ১৮% থেকে বেড়ে ২২%-এ এসে দাঁড়িয়েছে।












