বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এতদিন 20 ওভারের সীমিত সংস্করণে মনোযোগী হয়েছিল টিম ইন্ডিয়া (India)। তবে ইতিমধ্যেই শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই আসরে জগৎসভায় শ্রেষ্ঠ আসন পেয়েছে ভারত। এখন নজর 2027 ওয়ানডে বিশ্বকাপে। এই আসরে খেলার প্রবল ইচ্ছা রয়েছে ভারতীয় দলের দুই মহাতারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলির (BCCI On RO-KO)। শোনা যাচ্ছে, এই দুই ক্রিকেটারের জন্যই এবার বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাতে বদলে যেতে পারে পূর্ব নির্ধারিত ক্রিকেট সূচিও।
রোহিত এবং বিরাটকে নিয়ে বড় সিদ্ধান্ত BCCI র
বছর পেরোলেই একদিনের বিশ্বকাপ। সেই আসরে জেতাটাই প্রধান লক্ষ্য টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টের। একদিনের ক্রিকেটে ভারতীয় দলের অন্যতম স্তম্ভ রোহিত এবং বিরাট। তবে সমস্যা একটাই, এই দুজন ক্রিকেটার এই মুহূর্তে ওয়ানডে ছাড়া আর কোনও ফরম্যাটে খেলছেন না। এক কথায়, ক্রিকেটে নিয়মিত না থাকার কারণে দুই প্লেয়ারকে নিয়ে চিন্তায় পড়েছে বোর্ড। মূলত সে কারণে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ক্রিকেটে রাখতে এবং 22 গজে এই দুই প্লেয়ারকে নিয়মিত খেলানোর উদ্দেশ্যেই এবছর ওয়ানডে সিরিজের সংখ্যা বাড়াতে পারে BCCI।
শোনা যাচ্ছে, পূর্ব নির্ধারিত ওয়ানডে সিরিজ গুলিতে ম্যাচের সংখ্যা বাড়ানোর পাশাপাশি নতুন করে দু একটা ওয়ানডে সিরিজ ঘোষণা করে দিতে পারে ভারতে ক্রিকেটের নিয়ামক সংস্থা। উদ্দেশ্য একটাই, আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারতীয় দলকে পুরোপুরি তৈরি করা। বিশেষ করে রোহিত এবং বিরাট যারা এই মুহূর্তে একদিনের ক্রিকেট ছাড়া অন্য কোনও সংস্করণে নেই, তাঁদেরকে বিশ্বকাপের জন্য একেবারে সবদিক থেকে প্রস্তুত করাই ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্যতম লক্ষ্য।
অবশ্যই পড়ুন: গুঁড়িয়ে দেওয়া হবে করাচি, কোয়েটা, ইসলামাবাদ! পাকিস্তানকে হুঁশিয়ারি তালিবানের
প্রসঙ্গত, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ করে ওয়ানডে সিরিজ খেলার জন্য ইতিমধ্যেই নাকি একাধিক দেশের তরফে অনুরোধ পেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আপাতত পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী জুন মাসে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শেষ করে আয়ারল্যান্ডের বিরুদ্ধেও একদিনের সিরিজ খেলার কথা রয়েছে। এরই মাঝে শোনা যাচ্ছে, শ্রীলঙ্কা সহ আরও কিছু দেশের তরফে অনুরোধ পাওয়ার পর তাদের সাথে ওয়ানডে সিরিজ আয়োজন করা যায় কি না সেটা বিবেচনা করে দেখছে ভারতীয় ক্রিকেট বোর্ড।












