বাংলায় ফের চালু হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, কারা পাবেন, কীভাবে আবেদন করবেন?

Published:

Pradhan Mantri Awas Yojana

সৌভিক মুখার্জী, কলকাতা: গরিব মানুষের মাথার উপর পাকা ছাদ তৈরি করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) প্রকল্পের গুরুত্ব নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে রাজ্যে পালাবদল হয়েছে। বিজেপি সরকার আসতেই কেন্দ্রের উদ্যোগে চালু হওয়া বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, দরিদ্র সীমার নিচে বসবাসকারী যাদের মাথার উপর পাকা বাড়ি নেই, তাদের আবাস যোজনার আওতায় বাড়ি তৈরি করে দেওয়া হবে। তবে এর দুটি ভাগ রয়েছে। শহর এবং গ্রামীণ। দুই ক্ষেত্রেই আর্থিক সাহায্য করে কেন্দ্র সরকার। কিন্তু কীভাবে আবেদন করবেন?

কারা পাবে আবাস যোজনার বাড়ি?

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় বাড়ি পেতে গেলে অবশ্যই তাঁকে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর হতে হবে। পাশাপাশি নিম্নবিত্ত বা মধ্যবিত্ত আয়ের নাগরিকরা এই প্রকল্প সুবিধা পাবে। এমনকি আবেদনের পর সরকারি আধিকারিকরা যাচাই করে নেন যে সে যোগ্য কিনা। তারপরেই তাঁর অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢোকে। যেমনটা জানা যাচ্ছে, আবেদনকারী বা তাঁর পরিবারের কোনও সদস্যের যদি পাকা বাড়ি থাকে, তাহলে এই প্রকল্পের সুবিধা মেলে না।

কত টাকা সুবিধা পাওয়া যায়?

যে সমস্ত নাগরিকরা সমতল আওতায় বাস করে, তাঁদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় ১ লক্ষ ২০ হাজার টাকা অর্থ সহায়তা করা হয়, যেটি দুই কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তিতে ৬০ হাজার টাকা এবং দ্বিতীয় কিস্তিতে আরও ৬০ হাজার টাকা। তবে যারা পাহাড়ি এলাকায় বসবাসকারী, তাঁদেরকে বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা করা হয়।

কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না?

তবে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সুবিধা যে সবাই পারে এমনটা নয়। প্রথমত, যদি পরিবারের কোনও সদস্য সরকারি চাকরিজীবী হয়, তাহলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। দ্বিতীয়ত, পরিবারের কারও যদি গাড়ি কিংবা বাইক থাকে, তাহলেও এই প্রকল্পের আওতায় সুবিধা মিলবে না বলে জানানো হয়েছে। আর ৫০ হাজার টাকার বেশি ঋণের ক্ষমতা থাকা কিষান ক্রেডিট কার্ড থাকলেও এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের পদোন্নতির তোড়জোড় শুরু, নবান্নে রিপোর্ট জমার নির্দেশ

কীভাবে আবেদন করবেন?

যারা গ্রামীণ এলাকায় বসবাস করেন, তাঁদেরকে গ্রাম উন্নয়ন আধিকারিক অর্থাৎ বিডিও অফিস বা গ্রাম প্রধানের সহায়তায় আবেদন করতে হয়। সেক্ষেত্রে তাঁরা সমস্ত তথ্য যাচাই করে আবেদন গ্রহণ করেন। আর যারা শহর এলাকায় বসবাস করে, তাঁরা pmaymis.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে। এছাড়া স্থানীয় পৌরসভায় গিয়েও আবেদন করা যায়।