৫ লক্ষ চাকরির বদলে ৮৪ লক্ষ বেকার ভাতা! বাংলায় এসে মমতাকে আক্রমণ রাহুলের

Published:

Rahul Gandhi

প্রীতি পোদ্দার, কলকাতা: দোরগোড়ায় এসে গিয়েছে ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026), তাই শেষ মুহূর্তে চলছে ভোট প্রচারের প্রস্তুতি। মমতা অভিষেক জনসংযোগ বৃদ্ধির তাগিদে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে জনসভা করে চলেছেন ঠিক তেমনি দিল্লির বিজেপি নেতৃত্বও বঙ্গে আসছে ভোটে প্রচারে। এমতাবস্থায় বিধানসভায় কংগ্রেসের একা লড়াইয়ের সময়ে দলের পাশে দাঁড়াতে বঙ্গে এলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। মালদহ, মুর্শিদাবাদে মোট তিনটি জনসভা করবেন তিনি।

মোদীকে চরম কটাক্ষ রাহুলের

একসময় মালদা জেলা ছিল কংগ্রেসের অদম্য ঘাঁটি, কিন্তু সময়ের স্রোতে সেই শক্ত জমি আজ অনেকটাই আলগা হয়ে গিয়েছে। তাই, রাজ্যের পরিবর্তিত রাজনৈতিক সমীকরণে আবারও সেই হারানো জমি ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে কংগ্রেস। তাই সেই লক্ষ্যেই ময়দানে নামলেন দলের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধি। জানা গিয়েছে, মালদার ১২টি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীদের সমর্থনে এসেছেন তিনি। এদিন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ-এর সভা থেকেই সরাসরি নরেন্দ্র মোদী-কে আক্রমণ করেন রাহুল। তাঁর দাবি, “ নরেন্দ্র মোদী এখন বাংলায় ঘুরে চলেছেন। ওঁর মুখ দেখেছেন, হাওয়া বেরিয়ে গেছে। আমাকে চুপ করাতে পারেন না মোদী। সংসদে বারবার চেষ্টা করছেন আমাকে চুপ করাতে, কিন্তু পারেননি।”

শিল্প শেষ করে দিয়েছেন মমতা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেন, “আমি স্পষ্ট করে বলতে চাই, আমেরিকার কাছে বিক্রি হয়ে গেছে ভারত, আর এটা করেছেন নরেন্দ্র মোদী। শুধু বিজেপির ক্ষতি নয়, গোটা দেশের ক্ষতি করেছেন তিনি। দেশের যুবসমাজ থেকে শুরু করে বাংলার কৃষক, সকলের ক্ষতি করেছেন মোদী।” তবে শুধু একা মোদীকে নন, তিনি এর সঙ্গে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেছেন। রাহুল জানান, “বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ই শিল্প শেষ করে দিয়েছেন। আর দেশে নরেন্দ্র মোদী এই একই কাজ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন ৫ লক্ষ বেকারকে চাকরি দেবেন। কিন্তু দেখা যাচ্ছে ৮৪ লক্ষ মানুষ বেকার ভাতা চেয়েছেন।”

আরও পড়ুন: পেমেন্ট ফেল হলে ফের টিকিট বুক করার সুযোগ, নয়া সুবিধা আনল IRCTC

শাসকদল তৃণমূল কংগ্রেসের দুর্নীতি নিয়েও কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। তিনি বলেন, “মোদী সরকারের দুর্নীতির কথা বললে তৃণমূলের কথাও বলতে হয়। ওরাও দুর্নীতিতে পিছিয়ে নেই। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ও যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করতে পারেননি। সারদা চিটফান্ড কেলেঙ্কারিতে ১৭ লক্ষ বিনিয়োগকারীর ১,৯০০ কোটি টাকা ফেরত দেওয়া হয়নি। রোজভ্যালি চিট ফান্ডে ৩১ লক্ষ বিনিয়োগকারীর ৬,৬০০ কোটি টাকা ফেরত দেওয়া হয়নি। এখানে ‘গুন্ডা ট্যাক্স’ তোলা হয়। এতে আপনাদের কোনও লাভ হয় না। শুধু তৃণমূলের সিন্ডিকেট পয়সা পায়।”

রাহুলের দাবি তৃণমূলই নাকি বিজেপিকে সরকার গড়ার রাস্তা করে দিচ্ছে। তিনি জানান, “বাংলার সরকার যদি নিজের কাজ ঠিকমতো করত, আপনাদের চাকরি দিত, হিংসা না ছড়াত, তাহলে বাংলায় বিজেপির চিহ্ন দেখা যেত না কোনও দিন। তৃণমূলই ওদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছে।”