নীতীশের পর বিহারের মুখ্যমন্ত্রী তিনি, কে এই সম্রাট চৌধুরী?

Published:

Samrat Choudhary

সৌভিক মুখার্জী, কলকাতা: বিহারের রাজনীতিতে ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী থাকল গোটা দেশ। দীর্ঘ দুই দশক ধরে মুখ্যমন্ত্রী পদ সামলানোর পর এবার ইস্তফা দিয়েছেন নীতীশ কুমার (Nitish Kumar)। আর সেই অবসান ঘটিয়ে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন বিজেপির নেতা সম্রাট চৌধুরী (Samrat Choudhary)। নীতীশ কুমার রাজ্যসভায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরেই এই পালাবদল নিশ্চিত। তবে বিহারের ইতিহাসে এই প্রথমবার বিজেপির কোনও নেতা রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন। কিন্তু কে এই সম্রাট চৌধুরী?

সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন সম্রাট

প্রসঙ্গত, মঙ্গলবার বিহারের বিজেপি বিধায়ক দলের নেতা হিসেবে সম্রাট চৌধুরীকে নির্বাচিত করা হয়। বিহারের মন্ত্রী দিলীপ জয়সওয়াল জানান, এনডিএ বিধায়ক দলের বৈঠকে সম্রাটের নাম আনুষ্ঠানিকভাবেই প্রস্তাব করা হবে। আর খুব শীঘ্রই তিনিই নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। ১০ এপ্রিল নীতীশ কুমার রাজ্যসভার সদস্যপদ হিসেবে শপথ নেওয়ার পর থেকেই এই উত্তরসূরী নির্বাচন নিয়ে দিনের পর দিন চলছিল জল্পনা।

কে এই সম্রাট চৌধুরী?

৫৭ বছর বয়সী সম্রাট চৌধুরী বর্তমানে বিহারের উপ-মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। আর তাঁর রাজনৈতিক জীবন অত্যন্ত বৈচিত্র্যময়। তিনি বিহারের প্রবীণ নেতা তথা প্রাক্তন সেনা কর্মী শকুনি চৌধুরীর পুত্র। তাঁর রাজনৈতিক সফর শুরু হয়েছিল আরজেডি এবং জেডিইউ এর হাত ধরেই। ২০১৭ সালে তিনি বিজেপিতে যোগদান করেন এবং এর পরেই তাঁর কেরিয়ারের গ্রাফ আরও ঊর্ধ্বমুখী হয়। এদিকে ২০২৩ সালে তিনি বিহার বিজেপির সভাপতি নিযুক্ত হন, আর ২০২৫ এর বিধানসভা নির্বাচনে তারাপুর কেন্দ্র থেকে জয়লাভ করার পর তিনি এনডিএ সরকারের উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন।

এদিকে সম্রাট চৌধুরীর জাফরান রংয়ের পাগড়ী বিহারের রাজনীতিতে অত্যন্ত চর্চারও বিষয়। ২০২২ সালে তিনি প্রকাশ্যে প্রতিজ্ঞা করেন যে, নীতীশ কুমারকে ক্ষমতা থেকে না সরানো পর্যন্ত তিনি মাথা থেকে পাগড়ি খুলবেন না। কিন্তু হ্যাঁ, ২০২৪ সালে বিজেপি এবং জেডিইউ জোট হওয়ার পর গত জুলাই মাসে তিনি অযোধ্যায় গিয়ে ভগবান রামের চরণে সেই পাগড়ি উৎসর্গ করে দেন এবং মাথা মুড়িয়ে নদীতে স্নান করে প্রতিজ্ঞা পূর্ণ করেন।

আরও পড়ুন: পয়লা বৈশাখে প্রিয়জনকে এভাবে জানান শুভেচ্ছা, রইল হৃদয় ছুঁয়ে যাওয়া বার্তা

এদিকে বিজেপির কাছে সম্রাট চৌধুরী কেবলমাত্র যে একজন দক্ষ সংগঠক এমনটা নন, বরং তিনি রাজ্যের প্রভাবশালী ওবিসি সম্প্রদায়ের একজন শক্তিশালী মুখ। বিহারে বিজেপি নিজস্ব ভোটব্যাঙ্ক মজবুত করার জন্য এবং নীতীশ পরবর্তী  যুগের দলের একক আধিপত্য কায়েম করার ক্ষেত্রে সম্রাটের এই ভাবমূর্তিকে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব।