উত্তরবঙ্গে দুর্যোগ, তাপপ্রবাহ কাটাতে আজ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে? আবহাওয়ার খবর

Published:

Weather Today

প্রীতি পোদ্দার, কলকাতা: আজ, বৃহস্পতিবার, বিধানসভা নির্বাচনের প্রথম দফার মহারণ চলছে ১৫২টিকেন্দ্রে। তাই চারিদিকে রাজনৈতিক হাওয়া বেশ গরম। আর এই রাজনীতির লড়াইয়ের মাঝে সূর্যদেবও তাঁর রক্তচক্ষু দেখাচ্ছেন। একদিকে যখন দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলো গরমে পুড়ছে (Weather Today), অন্যদিকে তখন উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে বাংলার আবহাওয়া?

গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ

হাওয়া অফিস আগেই জানিয়েছিল আজ, বৃহস্পতিবার তাপপ্রবাহের সতর্কতা থাকবে জেলায় জেলায়। এবার সেই আশঙ্কাই সত্যি হল। প্রথম দফায় ভোটের দিন কার্যত পুড়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা। তিন জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ থেকে সর্বনিম্ন ৫৭ শতাংশের আশেপাশে থাকবে। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বিকেলের দিকে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে। পুরুলিয়াতে ৪০ডিগ্রি বা তার বেশি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে। যদিও সকাল থেকে রোদের প্রখর তেজ সেই হিসাবই দিচ্ছে। তবে রবিবার থেকে আবহাওয়ার খানিক পরিবর্তন হতে পারে। জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের বর্ধমান, বীরভূম, নদিয়া ও বাঁকুড়ায় ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এবং অন্যান্য জেলায় ঘণ্টায় ৩০ কিমি গতিবেগে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: মুম্বইয়ের পর এবার পশ্চিমবঙ্গে আসছে টেসলা, বড় ঘোষণা মাস্কের সংস্থার

মনোরম আবহাওয়া উত্তরবঙ্গে

দক্ষিণবঙ্গে এইমুহুর্তে গরমের প্রভাব যথেষ্ট বেশি থাকলেও উত্তরবঙ্গে মনোরম পরিবেশ তৈরি হয়েছে জেলায় জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও, আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী শনিবার থেকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তাই সেখানে এককথায় স্বস্তির আবহাওয়াতেই ভোট পর্ব মিটছে।