সৌভিক মুখার্জী, কলকাতা: প্রতিনিয়ত ট্রেনে (Indian Railways) যাতায়াত করেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর। এবার ট্রেন স্টেশন থেকে ছাড়ার পরেও যাত্রীরা অনলাইনে তাদের কনফার্ম সিট বুক করতে পারবে (Train Ticket)। হ্যাঁ, ট্রেন চলতে শুরু করার পর কোনও যাত্রী না এলে যে সিট খালি থাকবে সেটি পরে অন্য কোনও যাত্রী বুক করে নিতে পারবে। আর এই নতুন ব্যবস্থা চালু করতে রেলের প্রযুক্তি সংস্থা সিআরআইএস ইতিমধ্যেই একটি বিশেষ সফটওয়্যার আপগ্রেডের কাজ শুরু করেছে।
কীভাবে কাজ করবে নতুন প্রযুক্তি?
আসলে বর্তমানে কোনও যাত্রী কনফার্ম টিকিট কেটে টেনে না উঠলে সেই খালি সিট সাধারণভাবে টিটিই-রা ট্রেনের ভিতর থেকে অন্য যাত্রীদেরকে দিয়ে দেন। কিন্তু নতুন ব্যবস্থায় গোটা প্রক্রিয়াটি ডিজিটাল ভাবেই হবে এবং স্বচ্ছভাবে হবে। রেলের টিটিই-দের হাতে থাকা হ্যান্ড হেল্ড টার্মিনাল ডিভাইস এবার আপগ্রেড করা হচ্ছে। অর্থাৎ কোনও যাত্রী নির্দিষ্ট সময় পর্যন্ত ট্রেনে না উঠলে সেই সিটটিকে খালি হিসেবে সেখানে আপডেট করে দেবেন টিকিট পরীক্ষকরা। তারপর সেই খালি সিটের তথ্য সরাসরি IRCTC-র অনলাইন সিস্টেমই দেখা যাবে।
এবার ধরুন, কোনও এক্সপ্রেস ট্রেনে কোনও যাত্রী কনফার্ম টিকিট থাকা সত্ত্বেও ট্রেনে উঠলেন না। সেক্ষেত্রে টিটিই সিস্টেমে আপডেট করতেই সেই সিট অনলাইনে খালি হিসেবে দেখাবে। তখন অন্য কোনও স্টেশন থেকে যাত্রা করতে চাওয়া কোনও ব্যক্তি সেই সিট অনলাইনের মাধ্যমে বুক করে নিতে পারবে। আর বুকিং সম্পন্ন হলে নতুন যাত্রীর সমস্ত তথ্য টিটিই-র হাতে থাকা সেই হ্যান্ড হেল্ড টার্মিনাল ডিভাইসে চলে যাবে।
আরও পড়ুন: “টাটার সাথে আমি গিয়ে কথা বলব, ফেরাতে হবেই”, শিল্প নিয়ে বড় আশ্বাস তাপস রায়ের
রেলের নতুন এই উদ্যোগে সবথেকে বেশি সুবিধা পাবে আরএসি বা ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা। কারণ, আগে টিটিই-দের হাতে থাকা সিট বরাদ্দের বিষয়ে অনেকটাই ট্রেনে ওঠার পর পরিস্থিতির উপর নির্ভর করতে হতো। এমনকি সব সময় সিট পাওয়া যেত না। কিন্তু এখন পুরো তথ্য যেহেতু ডিজিটাল ভাবে আপডেট হচ্ছে, তাই অনলাইনে আপডেট হওয়ায় যাত্রীরা আগে জানতে পারবে যে কোনও সিট খালি রয়েছে কিনা। যার ফলে শেষ মুহূর্তেও কনফার্ম টিকিটের চান্স অনেকটাই বেড়ে যাবে।










