মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নীতিশ কুমার

Published:

Nitish Kumar

সহেলি মিত্র, কলকাতা: বিহার (Bihar) রাজ্য রাজনীতিতে নয়া মোড়। মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নীতিশ কুমার (Nitish Kumar)। নীতীশ কুমার ১০ বার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, যা ভারতীয় রাজনীতিতে একটি উল্লেখযোগ্য রেকর্ড হিসেবে বিবেচিত হয়। এখন প্রশ্ন উঠছে, বিহারের ভবিষ্যৎ কী? কী হবে জোট সরকারের?

মুখ্যমন্ত্রীর পদ ছাড়লেন নীতিশ কুমার

আজ মঙ্গলবার রাজ্যপালের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন নীতিশ কুমার। নীতিশ কুমারের পদত্যাগ রাজ্য রাজনীতিতে বেশ শোরগোলের সৃষ্টি করেছে। স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন হচ্ছে, বিহারের আগামী মুখ্যমন্ত্রী কে হবেন সে বিষয়ে। জানা যাচ্ছে এই ভার দিল্লির হাতেই রয়েছে। বিজেপির মুখ্যমন্ত্রী পদ নিয়ে জল্পনার মধ্যেই উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন। ফলস্বরূপ, এমন জল্পনা চলছে যে সম্রাটই হবেন বিহারের নতুন মুখ্যমন্ত্রী। যদিও দলের তরফে এই বিষয়ে শিলমোহর দেওয়া হয়নি।

এদিকে বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর তাঁর প্রথম সোশ্যাল মিডিয়া পোস্টে নীতীশ কুমার জানিয়েছেন যে, নতুন সরকার বিহারের বিষয়াদির তত্ত্বাবধান করবে। তিনি নতুন সরকারকে পূর্ণ সমর্থন জানাচ্ছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, উৎকৃষ্ট কাজ অব্যাহত থাকবে এবং বিহারের উল্লেখযোগ্য উন্নতি ঘটবে। X হ্যান্ডেলে তিনি লিখেছেন, “আপনারা জানেন যে, ২০০৫ সালের ২৪শে নভেম্বর রাজ্যে প্রথমবারের মতো এনডিএ সরকার গঠিত হয়েছিল। তখন থেকেই রাজ্যে আইনের শাসন বিরাজ করছে এবং আমরা ক্রমাগত উন্নয়নমূলক কাজ করছি। একেবারে শুরু থেকেই সরকার সমাজের সকল স্তরের মানুষের উন্নয়নের জন্য কাজ করে আসছে, সে হিন্দু, মুসলিম, উচ্চবর্ণ, অনগ্রসর, অতি অনগ্রসর, দলিত, মহাদলিত—সবার জন্য কাজ করা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, বিদ্যুৎ বা কৃষি—প্রতিটি ক্ষেত্রেই কাজ করা হয়েছে। নারী ও যুবকদের জন্যও প্রচুর কাজ করা হয়েছে।”

নীতিশ কুমারের রাজনৈতিক জীবন

কেমন ছিল নীতিশ কুমারের রাজনৈতিক জীবন? নীতীশ কুমার এখনো অবধি ১০ বার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, যা রেকর্ড। নীতীশ কুমার ২০০০ সালের ৩ মার্চ প্রথমবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন, কিন্তু তাঁর এই কার্যকাল খুবই সংক্ষিপ্ত ছিল। আসলে প্রথমবারের মতো সরকার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারায় মাত্র ৭ দিনের মধ্যে পদত্যাগ করতে বাধ্য হন। এরপর নীতীশ কুমার ২০০৫ সালের ২৪শে নভেম্বর পুনরায় মুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করেন এবং এইবার তিনি তাঁর পূর্ণ মেয়াদ সম্পন্ন করেন। এরপর তিনি ২০১০ সালের ২৬ নভেম্বর টানা দ্বিতীয়বারের মতো সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেন।

নীতিশ কুমারের রাজনৈতিক জীবন বহু উত্থান পতনের মধ্যে দিয়ে গেছে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে পরাজয়ের দায়ভার নিয়ে তিনি পদত্যাগ করলেও ২০১৫ সালের ২২শে ফেব্রুয়ারি পুনরায় মুখ্যমন্ত্রী হন।২০১৫ সালের বিধানসভা নির্বাচনের পর, তিনি ২০ নভেম্বর ২০১৫ তারিখে মহাজোটের সঙ্গে পুনরায় মুখ্যমন্ত্রী হন। তিনি মহাজোট ত্যাগ করে ২০১৭ সালের ২৭ জুলাই এনডিএ-র সঙ্গে পুনরায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এরপর ২০২০, ২০২২, ২০২৫ সালে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।