সহেলি মিত্র, কলকাতা: বিরাট সুখবর, অবশেষে মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness allowance) বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। দীর্ঘদিন ধরে কয়েক কোটি কেন্দ্রীয় সরকারি কর্মী থেকে শুরু করে পেনশনভোগীরা এই মহার্ঘ্য ভাতা বৃদ্ধির জন্য অপেক্ষা করছিলেন। তবে অবশেষে ডিএ বাড়ল। নিশ্চয়ই ভাবছেন কত শতাংশ? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
২% DA বাড়াল কেন্দ্র
আপনিও কি একজন কেন্দ্রীয় সরকারি কর্মী? ভাবছেন কত শতাংশ ডিএ? বেড়েছে তাহলে জানিয়ে রাখি, অবশেষে ২% ডিএ বৃদ্ধি করল কেন্দ্রের মোদি সরকার। আর এরই সঙ্গে মহার্ঘ্য ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াল ৬০%। সপ্তম বেতন পে কমিশনের আওতায় এই ভাতা বেড়েছে বলে খবর।
সরকারের এই সিদ্ধান্তের ফলে ১ কোটিরও বেশি কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন। পেনশনভোগীরা মহার্ঘ ত্রাণ (ডিআর) পেয়ে থাকেন। বর্তমানে দেশে ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৫ লক্ষ পেনশনভোগী রয়েছেন। সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক-শিল্প শ্রমিক (এআইসিপিআই-আইডব্লিউ)-এর ১২ মাসের গড়ের উপর ভিত্তি করে ডিএ দুই শতাংশ নির্ধারণ করা হয়েছিল। ক্যাবিনেটের বৈঠকে মহার্ঘ্য ভাতার পাশাপাশি মহার্ঘ্য ত্রাণও বৃদ্ধি পেয়েছে।
মিলবে ৩ মাসের বকেয়াও
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এই সিদ্ধান্তটি ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হবে। অর্থাৎ তিন মাসের বকেয়া টাকাও পাবেন সরকারি কর্মীরা। কেন্দ্রীয় সরকার পর্যায়ক্রমে তার কর্মচারীদের মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের মহার্ঘ ত্রাণ বাড়িয়ে থাকে। মুদ্রাস্ফীতির উপর ভিত্তি করে বছরে দুবার, জানুয়ারি এবং জুলাই মাসে, এগুলি সংশোধন করা হয়। এর আগে, অক্টোবরে ডিএ তিন শতাংশ বাড়ানো হয়েছিল, যা ৫৫ শতাংশ থেকে বেড়ে ৫৮ শতাংশ হয়েছিল।
বেতন কত বাড়বে?
এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, বেতন কত বাড়বে? যদি কোনো কর্মচারী প্রতি মাসে ৩৬,৫০০ টাকা মূল বেতন পান, তাহলে তাঁর ৫৮% হারে ডিএ বর্তমানে ২১,১৭০ টাকা। ২% বৃদ্ধির পর, তাঁর ডিএ বেড়ে ২১,৯০০ টাকা হবে। জানুয়ারি মাসের বকেয়াও পরিশোধ করা হবে। একইভাবে, যদি কোনো পেনশনভোগীর মূল পেনশন ৯,০০০ টাকা হয়, তাহলে তাঁর ৫৮% হারে ডিএ ৫,২২০ টাকা। আজকের বৃদ্ধির পর, তা বেড়ে ৫,৪০০ টাকা হবে।










