সহেলি মিত্র, কলকাতা: পোয়া বারো হতে চলেছে হাওড়া এবং শিয়ালদা ডিভিশনের রেল যাত্রীদের। আপনিও কি লোকাল ট্রেন (Local Train) না পেয়ে নাজেহাল? বারবার ট্রেন বাতিলের সমস্যায় জর্জরিত? তাহলে আপনার জন্য সুখবর শুনিয়েছে পূর্ব রেল। জানা গিয়েছে এপ্রিল মাস থেকে এবার একটানা অস্থায়ীভাবে বেশ কিছু লোকাল ট্রেন চালানো হবে। আর এই লোকাল ট্রেনগুলি চলবে হাওড়া এবং শিয়ালদা ডিভিশনে অর্থাৎ আরো সুবিধা হবে সাধারণ যাত্রীদের। এই তীব্র গরমের ঘন্টার পর ঘন্টা স্টেশনে অপেক্ষা করা যথেষ্ট কষ্টের। ফলে সবকিছু মাথায় রেখে একগুচ্ছ লোকাল ট্রেনের ঘোষণা করা হয়েছে রেলের তরফে। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।
একগুচ্ছ লোকাল ট্রেনের ঘোষণা রেলের
রেল সূত্রে খবর, আগামী ২০ এপ্রিল অর্থাৎ সোমবার থেকে ৩০ এপ্রিল, বৃহস্পতিবার পর্যন্ত এই সমস্ত স্পেশ্যাল ইএমইউ ট্রেনের পরিষেবা মিলবে। অতিরিক্ত ভিড় সামাল দিতেই একাধিক রুটে অস্থায়ী ট্রেন পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে রেলের এহেন ঘোষণায় খুশি সাধারণ যাত্রীরাও। ডিভিশন অনুযায়ী বললে, শিয়ালদহ থেকে নামখানা এবং ডায়মন্ড হারবার রুটে একটি করে লোকাল চালানোর কথা জানিয়েছে রেল।
যেমন শিয়ালদহ-নামখানা-সোনারপুর স্পেশ্যাল সকাল ৬:১৫ মিনিটে শিয়ালদহ ছাড়বে এবং সেটি নামখানা ঢুকবে ৮:৪৫ নাগাদ। এরপর নামখানা থেকে সকাল ৯:১০ মিনিটে ছাড়বে ওই ট্রেন এবং সোনারপুর ঢুকবে বেলা ১১:০৩ মিনিটে। এরপর সোনারপুর-ডায়মন্ড হারবার-শিয়ালদহ বিশেষ লোকালে ট্রেনটি সকাল ১১:১৭ মিনিটে সোনারপুর থেকে ছাড়বে এবং সেটি ডায়মন্ড হারবার পৌঁছাবে দুপুর ১২:২৯ মিনিটে। ফিরতি পথে ট্রেনটি দুপুর ১২:৩৮ মিনিটে ডায়মন্ড হারবার স্টেশন থেকে ছাড়বে এবং দুপুর ২:২৩ মিনিটে শিয়ালদহ স্টেশনে ঢুকবে বলে খবর।
হাওড়া ডিভিশনেও চলবে একাধিক লোকাল ট্রেন
সূত্রের খবর, হাওড়া ডিভিশনে যাত্রীদের সুবিধার জন্য কাটোয়া–ব্যান্ডেল ও কাটোয়া–বর্ধমান রুটে ৩০ এপ্রিল পর্যন্ত বিশেষ লোকাল ট্রেন পরিষেবা চালু করা হয়েছে। ব্যান্ডেল থেকে সকাল ৭:৪৫-এ ট্রেন ছাড়বে এবং কাটোয়ায় পৌঁছবে সকাল ১০টায়। ফিরতি পথে কাটোয়া থেকে দুপুর ১:৪৫-এ ছেড়ে বিকেল ৪টায় ব্যান্ডেল পৌঁছবে। অন্যদিকে, কাটোয়া–বর্ধমান স্পেশ্যাল ইএমইউ কাটোয়া থেকে সকাল ১০:১৫-এ ছেড়ে বর্ধমান পৌঁছবে বেলা ১১:৪৫-এ। বর্ধমান থেকে ফেরত ট্রেন বেলা ১২টায় ছেড়ে কাটোয়ায় পৌঁছবে দুপুর ১:২৫-এ। সব ট্রেনই প্রতিটি স্টেশনে থামবে এবং প্রতিটিতে ১২টি কোচ থাকবে।
আরও পড়ুনঃ আফ্রিকায় মেড ইন ইন্ডিয়ার দাপট, মোজাম্বিকে রেল ইঞ্জিন পাঠাল ভারত
এর পাশাপাশি, সম্প্রতি ব্যান্ডেল–কাটোয়া–আজিমগঞ্জ রুটে নতুন বিশেষ লোকাল চালু হয়েছে। এটি ব্যান্ডেল থেকে সকাল ১০:১০-এ ছেড়ে আজিমগঞ্জ পৌঁছায় দুপুর ২:১০-এ। ফেরার পথে আজিমগঞ্জ থেকে দুপুর ২:৪০-এ ছেড়ে সন্ধ্যা ৭:১০-এ ব্যান্ডেলে ফিরে আসবে।










