ইস্টবেঙ্গল ভক্তদের জন্য খারাপ খবর, ২৮ তারিখ যুবভারতীতে হচ্ছে না লাল হলুদের ম্যাচ

Published:

East Bengal FC Vs Odisha FC

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলায় দুই দফায় বিধানসভা নির্বাচন। তার ঠিক আগেই বদলে গেল ইস্টবেঙ্গলের ISL ম্যাচের ভেন্যু (East Bengal FC Vs Odisha FC)। আগামী 28 এপ্রিল ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচে দাপট দেখানোর কথা ছিল লাল হলুদের। তবে পরের দিন কলকাতা সহ রাজ্যের অন্যান্য জেলাগুলিতে ভোট থাকায় ইস্টবেঙ্গলের হোম ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে গোয়ায়। অর্থাৎ এখানেই ওড়িশার বিরুদ্ধে আক্রমণ শানাতে হবে অস্কার ব্রুজোবাহিনীকে।

যে কারণে আসলে সরে যাচ্ছে ইস্টবেঙ্গলের ম্যাচ

ইস্টবেঙ্গল বনাম ওড়িশা ম্যাচের পরের দিন বাংলায় দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। ঠিক তার আগের দিন যুবভারতী ক্রীড়াঙ্গনে লাল হলুদের ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবেনা বলে জানিয়ে দিয়েছে বিধাননগর ও কলকাতা পুলিশ। মূলত সে কারণেই চলতি সিজনের একেবারে শেষের দিকে এসে ঘরের মাঠের সুবিধা পাচ্ছে না লাল হলুদ। বরং হোম ম্যাচ খেলতে হবে সেই দূর গোয়ায় গিয়ে।

এক্ষেত্রে সবচেয়ে বড় ধাক্কা খেলেন ইস্টবেঙ্গলের সমর্থকরা। আসলে যে সমস্ত লাল হলুদ ফ্যানেরা ঘরের মাঠে নিজেদের প্রিয় দলের দুর্ধর্ষ লড়াই দেখার জন্য একেবারে হাপিত্যেশ করে বসে রয়েছেন, তাঁরা 28 তারিখ স্টেডিয়ামে গিয়ে ইস্টবেঙ্গলের ম্যাচ দেখতে পারবেন না। ঠিক অনুরূপভাবে নিজেদের ঘরের মাঠে সমর্থকদের যে গলা ফাটানো স্লোগান, যা লাল হলুদের সাফল্যের মূল মন্ত্র হিসেবে পরিচিত, সেই প্রাণ জুড়ানো সমর্থন থেকে বঞ্চিত হবেন লাল হলুদ ফুটবলারেরা।

অবশ্যই পড়ুন: ছত্তিশগড়ে পাহাড়ে ভেঙে পড়ল বেসরকারি বিমান, বহু প্রাণহানির আশঙ্কা

উল্লেখ্য, এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট তালিকায় 4 নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। 8 ম্যাচ মিলিয়ে 15 পয়েন্ট পেয়েছে তারা। এখনও বাকি রয়েছে 5 ম্যাচ। চ্যাম্পিয়ন হতে গেলে ইস্টবেঙ্গলকে পরবর্তী প্রত্যেকটি ম্যাচ জিততেই হবে। আর সেটা যদি করা যায় সে ক্ষেত্রে লাল হলুদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে 31 এর কাছাকাছি। এদিকে গত ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেডকে হারিয়ে দিয়ে এখন লিগ টেবিলের মগডালে মোহনবাগান। লাল হলুদকে চ্যাম্পিয়ন হতে হলে প্রত্যেকটি ম্যাচ জেতার পাশাপাশি মোহনবাগান এবং সেকেন্ড বয় মুম্বইকে পয়েন্ট নষ্ট করতে হবে।