বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিক বছরগুলিতে ভারতের সাথে জুড়তে চেয়ে বারবার পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন পাক অধিকৃত কাশ্মীর (Pakistan Occupied Kashmir) বা POK এর বাসিন্দারা। তাঁদের দাবি, পাকিস্তান সরকার তাঁদের সাথে অবিচার করছে। আসলে সাম্প্রতিক সময়ে পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ এবং গমের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছিলেন POK এর জনগণ। দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পরবর্তীতে বিক্ষোভকারীদের আটকাতে তাঁদের উপর নির্বিচারে গুলি চালায় পাকিস্তান সেনা। এবার সেই ঘটনায় পাক সেনাকে কড়া হুঁশিয়ারি দিলেন POK নেতারা।
ভারতের সাথে বাণিজ্য করার দাবি POK নেতাদের
পাক অধিকৃত কাশ্মীরে বিদ্যুতের খরচ থেকে শুরু করে গম সহ অন্যান্য খাদ্য সামগ্রীর মূল্যবৃদ্ধির ঘটনায় ইসলামাবাদের বৈষম্যমূলক অর্থনীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন POK এর বাসিন্দারা। 2024 সাল থেকে সরকারের বিরুদ্ধে বারবার পথে নেমেছেন পাকিস্তানের অধিকৃত অংশের জনগণ। বহুবার ভারতের সাথে জুড়তে চাওয়ারও আবেদন জানানো হয় তাঁদের তরফে।
বলাই বাহুল্য, সম্প্রতি রাওয়ালকোটে অনুষ্ঠিত এক সমাবেশে জম্মু ও কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি ও আওয়ামী অ্যাকশন কমিটির নেতারা পাকিস্তানের সেনাবাহিনীর উপর হামলা চালিয়েছিলেন। এরপর থেকেই পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। এদিকে পাকিস্তান সেনার তরফে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে নির্বিচারে গুলি চালানোর অভিযোগ ওঠে। তাতে মৃত্যু হয় অনেকেরই। এবার সেই ঘটনাকে সামনে রেখেই পাকিস্তান সেনাবাহিনীকে হুঁশিয়ারি POK নেতাদের।
অবশ্যই পড়ুন: তাড়াহুড়ো করতে গিয়ে বারবার ব্যর্থ, সত্যিই কি বেপরোয়া ছেলে বৈভব?
নিউজ 18 এর এক রিপোর্ট অনুযায়ী, জেএএসি নেতা সরদার আমান এক সমাবেশে হাজির হয়ে ভাষণ দেওয়ার সময় নিশানা করেন পাক সেনাবাহিনীকে। তাঁর বক্তব্য, আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানের সেনাবাহিনী সাধারণ মানুষের রেশন অর্থাৎ খাবার আটকে রেখেছে। তাঁরা নিয়মিত অর্থনৈতিক অবরোধের মাধ্যমে বিক্ষোভকারীদের আন্দোলনকে দুর্বল করার চেষ্টা করছে।
এদিন ওই নেতা একেবারে জোর দিয়ে বলেন, পাকিস্তান সরকার যদি পাক অধিকৃত কাশ্মীরে পর্যাপ্ত খাদ্য সরবরাহ নিশ্চিত না করতে পারে, এই জায়গাগুলির অর্থনৈতিক দিক যদি ঠিক না হয় তবে ভারতের সাথে বাণিজ্য পথ খুলে দেওয়া উচিত। তাঁর কথায়, “শেষ পর্যন্ত হয় ভারত না হয় পাকিস্তানের মাধ্যমে বাণিজ্য পথ খুলবেই।”










