পদত্যাগ কেন্দ্রীয় মন্ত্রীর, ইস্তফা গ্রহণ করলেন রাষ্ট্রপতি, জল্পনা তুঙ্গে

Published:

George Kurian Resigns

প্রীতি পোদ্দার, কলকাতা: কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে এবার পদত্যাগ করলেন সংখ্যালঘু বিষয়ক পদ থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ান (George Kurian Resigns)। ইতিমধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) তাঁর পদত্যাগপত্র অবিলম্বে কার্যকর হওয়ার ভিত্তিতে গ্রহণ করেছেন। এর ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) তৃতীয় মেয়াদের মন্ত্রিসভায় ৬ বছরের কুরিয়ানের দায়িত্বকাল শেষ হল। আর এই তথ্য প্রকাশ্যে আছে তুমুল শোরগোল শুরু হল রাজনৈতিক মহলে।

পদত্যাগ করলেন জর্জ কুরিয়ান

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী আজ অর্থাৎ মঙ্গলবার, সংখ্যালঘু বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদ থেকে ৬৫ বছরের প্রবীণ রাজনীতিবিদ জর্জ কুরিয়েন পদত্যাগ করলেন। কিছুদিন আগেই রাজ্যসভায় তাঁর ছয় বছরের মেয়াদ শেষ হয়েছিল। জানা গিয়েছে, সংসদে পুনর্নির্বাচিত না হলে মন্ত্রিপদে বহাল থাকা তাঁর পক্ষে সম্ভব ছিল না বলেই তিনি পদত্যাগ করেছেন। এদিকে রাষ্ট্রপতি ভবন থেকে এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংবিধানের ৭৫ নম্বর অনুচ্ছেদের ২ নম্বর ধারার অধীনে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ থেকে জর্জ কুরিয়ানের পদত্যাগপত্র অবিলম্বে কার্যকর হওয়ার ভিত্তিতে গ্রহণ করেছেন।

শুরু থেকেই বিজেপির পাশে ছিলেন কুরিয়ান

উল্লেখ্য, ১৯৬০ সালে কেরালার কোট্টায়ামে জন্মগ্রহণ করেছিলেন জর্জ কুরিয়ান, তিনি শুধু একজন প্রবীণ রাজনীতিবিদ ছিলেন না তার সঙ্গে তিনি সুপ্রিম কোর্টের এক সুদক্ষ আইনজীবীও ছিলেন। ১৯৮০ সালে বিজেপি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তাঁর এই দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলের বিভিন্ন সাংগঠনিক দায়িত্বও পালন করেছেন। ২০২৪ সালের অগাস্ট মাসে মোদি মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে জর্জ কুরিয়ান সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুন: কলকাতার স্কুলে মিড-ডে মিল রান্না করবে ইসকন, পাতে পড়বে কি ডিম? মিলল জবাব

প্রসঙ্গত, এর আগে, জর্জ কুরিয়ান জাতীয় সংখ্যালঘু কমিশনের ভাইস চেয়ারম্যান এবং তৎকালীন রেল প্রতিমন্ত্রী রাজাগোপালের বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এদিকে কেন্দ্রীয় নেতৃত্ব পুনরায় তাঁকে মনোনীত না করার কারণ হিসেবে দলীয় সূত্রে জানা গিয়েছে কেরালা বিধানসভা নির্বাচনে দলের প্রতি তাঁর খারাপ পারফরমেন্স ছিল, সেই ঘটনা যাতে পুনরায় না ঘটে তাই তাঁকে পদত্যাগ করতে বলা হয়েছে।