বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের ভারতের ঘাড়ে দোষ চাপাল নেপাল (Nepal On India)! ভারতে অবস্থিত নেপালের দূতাবাস একেবারে সরাসরি অভিযোগ করেছে, ভারতীয় নিরাপত্তা কর্মীরা পশ্চিম নওয়ালপরাসির সুস্তায় নেপালের ভূখণ্ডে প্রবেশ করে বন্যার হাত থেকে বাঁচার জন্য স্থানীয় বাসিন্দাদের দ্বারা তৈরি একটি বাঁধ একেবারে ভেঙে দিয়েছে। গত রবিবার, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই তথ্য জানিয়েছে ভারতে অবস্থিত নেপালি দূতাবাস। আর তাতেই নতুন করে ভারত এবং নেপালের মধ্যে সম্পর্কের টানাপোড়েন বেড়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ!
ভারতের সাথে ফের অশান্তি বাড়বে নেপালের?
কাঠমন্ডু পোস্টের এক রিপোর্ট অনুযায়ী, নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, “ভারতের নিরাপত্তা কর্মীরা যেভাবে স্থানীয় অস্থায়ী বাঁধটি ভেঙে দিয়েছে তাতে আমাদের কর্মকর্তারা সেই ঘটনার প্রতিবাদ জানিয়েছে। আমরা দিল্লিকে জানিয়েছি যে, বন্যার প্রভাব কমানোর জন্য স্থানীয় বাসিন্দাদের কাছে এই বাঁধ ছিল শেষ রক্ষা! এটাই ছিল সম্বল! যা পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে।”
নেপালের কয়েকটি সংবাদ মাধ্যম জানাচ্ছে, স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, রবিবার, একদল ভারতীয় নিরাপত্তারক্ষী সাদা পোশাক গায়ে কোদাল হাতে নেপালে প্রবেশ করে নারায়ণী নদীর জলে বন্যার প্রবণতা কমাতে এবং স্থানীয় বসতি ডুবে যাওয়া আটকাতে গ্রামবাসীরা সম্প্রতি যে বাঁধ তৈরি করেছিল সেই বাসটি খুঁড়তে শুরু করে। স্থানীয়রা এও দাবি করেছেন, ভারতীয় নিরাপত্তা রক্ষীরা বাঁধ ভাঙছে দেখে স্থানীয়রা ছুটে গেলে পরিস্থিতি বেগতিক হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছয় নেপালের সশস্ত্র বাহিনী। তাতে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও পরবর্তীতে তা স্বাভাবিক হয়।
অবশ্যই পড়ুন: আগামী মরসুমে ভাগ্য বদলে যেতে পারে KKR স্টার ফিন অ্যালেনের, কীভাবে দেখুন
বলাই বাহুল্য, নেপালে বাঁধ ভাঙার ঘটনার পরপরই গোটা বিষয়টি নিয়ে দিল্লির দৃষ্টি আকর্ষণ করে ভারতে অবস্থিত নেপালি দূতাবাস। একই সাথে এই ধরনের সমস্যা দ্রুত সমাধানের আবেদন জানায় তারা। পরবর্তীতে ভারতীয় পক্ষ সংযম প্রদর্শনের আহ্বান জানানোর পাশাপাশি স্পষ্টভাবে জানায় এই গোটা বিষয়টিকে জাতীয় এজেন্ডা হিসেবে দেখানো কখনোই উচিত নয়। তাতে অবশ্য ভারত এবং নেপালের মধ্যেকার সম্পর্কের তিক্ততা কমেনি!










