প্রীতি পোদ্দার, কলকাতা: বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026) ফলাফল প্রকাশ্যে আসতেই বাংলা জুড়ে যেন তাণ্ডব শুরু করেছে বিজেপি। তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের পাশাপাশি কর্মী সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব এক বিশাল আকার ধারণ করেছে। পুলিশ প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখলেও বারাসতে রাতারাতি দেখা গেল এক বিরাট পরিবর্তন। জয়ের উৎসবের মধ্যে বিজেপি কর্মীরা বারাসতের (Barasat) সিরাজ উদ্যানের (Siraj Uddyan) নেমপ্লেট সরিয়ে ওই পার্কের নামকরণ করল ‘শিবাজি উদ্যান’।
সিরাজ উদ্যান হয়ে গেল শিবাজি
রিপোর্ট মোতাবেক, ২০২২ সালে বারাসত পুরসভার অন্তর্গত চাঁপাডালি মোড় সংলগ্ন তিতুমির বাস টার্মিনালের পাশে একটি পার্ক তৈরি করা হয়েছিল। তখন সেই পার্কের নামকরণ করা হয়েছিল ‘সিরাজ উদ্যান’। বলা হয়, বাংলার শেষ নবাব সিরাজদৌল্লা মুর্শিদাবাদ থেকে যখন কলকাতায় এসেছিলেন তখন বারাসতের ওই জায়গার জলাশয়ে নেমে নবাবের ঘোড়া জল খেয়েছিল। তাই ওই পার্কের নামকরণ করা হয়েছিল সিরাজ উদ্যান। কিন্তু বিজেপি ক্ষমতায় আসতেই সেই নাম পরিবর্তন করে দেওয়া হয়। নেমপ্লেট সরিয়ে এখন ওই পার্কের নামকরণ করা হয়েছে ‘শিবাজি উদ্যান’।
অভিযোগ অস্বীকার বিজেপির
পার্কের নামকরণ বদল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে এলাকার একাধিক মানুষ। বারাসত পুরসভার চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায় বলেন, “কয়েকজন বিজেপি কর্মী গিয়ে উদ্যানের নামকরণ করেছে শিবাজি উদ্যান। রাজনৈতিক পরিস্থিতি একটু শান্ত হলে বিষয়টি নিয়ে বোর্ড মিটিংয়ে কথা বলা হবে।” এদিকে অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা তাপস মিত্র। তিনি জানিয়েছেন, “দলের পক্ষ থেকে কেউ এমন নির্দেশ দেননি। ব্যক্তিগত ভাবে কেউ কেউ এটা করেছে। এর দায় দলের নয়।” তবে শুধু পার্ক নয়, গত সোমবার, বঙ্গে বিজেপির ঝড় উঠতেই বারাসাত থানার অন্তর্গত নোয়াপাড়া এলাকায় ‘মসজিদবাড়ি রোড’ এর সাইনবোর্ড বদলে ‘নেতাজিপল্লি রোড’ রাখা হয়েছিল।
আরও পড়ুন: ৮ সেপ্টেম্বর থেকে এই স্মার্টফোনগুলিতে আর চলবে না WhatsApp
বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসতেই রাজ্যজুড়ে তৃণমূলের পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর শুরু হয়েছিল, যার ফলে বঙ্গ রাজনীতির পালা বদল নিয়ে ওঠে একাধিক প্রশ্ন। জামুড়িয়ায় তৃণমূলের পার্টি অফিসেও আগুন লাগিয়ে দেওয়া হয়। বারাবনিতেও ঘটেছে একই ঘটনা, বাদ যায়নি শিলিগুড়ির তৃণমূল অফিস। একাধিক ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়। যদিও এই ঘটনায় বিজেপির শীর্ষ নেতারা প্রতিবাদ করেছে। শমীক ভট্টাচার্য জানিয়েছেন, বিজেপির পতাকা নিয়ে কেউ তৃণমূলের পার্টি অফিসে হামলা চালালে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হবে।










