বিক্রম ব্যানার্জী, কলকাতা: দৈন্যদশা থেকে ঘুরে দাঁড়াল ভারতীয় শেয়ার বাজার (Stock Market)। শুক্রবার বাজার খুলতে না খুলতেই লাফ দিল সেনসেক্স থেকে নিফটি। এদিন এক ধাক্কায় 967 পয়েন্ট বেড়ে 74,799 এ গিয়ে দাঁড়াল সেনসেক্স। অন্যদিকে 275 পয়েন্ট লাফিয়ে 23,437 পয়েন্ট অতিক্রম করল নিফটি। ভারতীয় শেয়ার বাজারে সকাল সকাল সবুজ ঝড় উঠতেই পকেট ভরেছে বিনিয়োগকারীদের। না বললেই নয়, শেয়ার বাজারের গ্রিন স্ট্রমের কারণে 6 লক্ষ কোটি টাকা লাভ হয়েছে বিনিয়োগকারীদের।
হঠাৎ শেয়ার বাজারে এত বিপুল উত্থানের কারণ কী?
শুক্রবার দীর্ঘ টানাপোড়েনের কাটিয়ে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় শেয়ার বাজার। আসলে বাজারের এমন বাম্পার বুম বা উত্থানের পেছনে সবচেয়ে বড় কারণ ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি আমেরিকা এবং ইরানের মধ্যে একটি উল্লেখযোগ্য চুক্তির কথা বলেছেন। আর সেই চুক্তির খবর প্রকাশ্যে আসতেই শেয়ার বাজারে ইতিবাচক পরিবেশ তৈরি হয়। আর তাতেই ঘুরে দাঁড়াল শেয়ার মার্কেট।
বলাই বাহুল্য, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, আমেরিকা এবং ইরানের মধ্যে একটি বিরাট চুক্তি হতে চলেছে। চুক্তিটির নথি চূড়ান্ত করার কাজ চলছে। ট্রাম্প আরও বলেন, ভবিষ্যতে এই চুক্তি স্বাক্ষরিত হলে হরমুজ প্রণালী আবার খুলে যাবে। ট্রাম্পের তরফে এমন ঘোষণা আসার পরই কমেছে অপরিশোধিত তেলের দাম। ব্রেন্ট ক্রুড ওয়েল 90 ডলারের নিচে অর্থাৎ ব্যারেল পিছু 88 ডলারে নেমে এসেছে।
শুধু তাই নয়, শেয়ার বাজার চাঙ্গা হওয়ার নেপথ্যে রয়েছে ভারতীয় রুপিও। আজ অর্থাৎ শুক্রবার মার্কিন ডলারের বিপরীতে শক্তিশালী হয়েছে ভারতীয় মুদ্রা। আজ প্রতি ডলার পিছু ভারতীয় রুপির দর 95.38 টাকা। যেখানে এর আগে এই দর ছিল এক ডলারে 95.75 টাকা। এখানেই শেষ নয়, এশিয়ার বাজারে ইতিবাচক পরিবেশ তৈরি হওয়ার কারণেও উত্থান ঘটেছে ভারতীয় শেয়ার বাজারে। জাপানের নিক্কেই সূচক 2000 পয়েন্ট লাফিয়েছে। এদিকে কোরিয়ান বাজার কেসপি 4 শতাংশেরও বেশি বেড়েছে। আর এইসব কারণেই গতি পেয়েছে ভারতীয় শেয়ার মার্কেট।
অবশ্যই পড়ুন: বিদ্রোহী তৃণমূল সাংসদের চিঠিতে সায়নী-রচনার সই! তালিকায় আর কে কে?
প্রসঙ্গত, শুক্রবার ভারতীয় শেয়ার বাজারে সবুজ ঝড় উঠতেই বড় সংস্থার শেয়ারের দাম বৃদ্ধির পাশাপাশি বেড়েছে মাঝারি স্টকগুলির দামও। নিফটি ফিফটিতে একাধিক সংস্থা বিশেষ করে ইন্টারোগ্লোব এভিয়েশনের মতো শেয়ারের দাম লাফিয়ে বেড়েছে। এদিকে নিফটি রিয়েলটির সাথে মিডিয়া সংস্থাগুলির শেয়ার অটো সেক্টরের তুলনায় ভাল পারফর্ম করেছে। তবে আইটি, স্বাস্থ্য সেবা এমনকি ফার্মা সেক্টরগুলি বর্তমানে চাপের মুখে।










