সহেলি মিত্র, কলকাতা: নজরে ২২ জুন। কারণ এদিন রয়েছে বাংলার বিজেপি সরকারের প্রথম বাজেট (Budget)। আর এই বাজেটে সরকার নানা ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে। এসবের মাঝেই জল্পনা শুরু হয়েছে যে বাজেটে বেকার ভাতা (Bekar Bhata) নিয়ে ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন বেকার, সরকারি কর্মী, শিক্ষিত চাকরিপ্রার্থীদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করা হতে পারে বলে শুরু হয়েছে জল্পনা। সত্যিই কি তাই? চলুন জেনে নেওয়া যাক।
বাজেটে বেকার ভাতার ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী?
এমনিতেই পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে একটি জনকল্যাণমূলক উদ্যোগ ‘যুব শক্তি’ প্রকল্প চালু করার প্রস্তুতি নিচ্ছে। এই প্রকল্পটি বিজেপির ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারের একটি অংশ ছিল এবং এতে যোগ্য সুবিধাভোগীদের জন্য মাসিক ৩,০০০ টাকা ভাতার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত এই প্রকল্পের অধীনে, যোগ্য বেকার যুবকরা আর্থিক সহায়তা হিসেবে প্রতি মাসে ৩,০০০ টাকা পাবেন।
আরও পড়ুনঃ কার্যকর হয়নি ২৫ বছর, সরকারি কাজে আসছে নয়া নিয়ম! নবান্নে যাবে চিঠি
এই অর্থের পরিমাণ পূর্ববর্তী যুবসাথী প্রকল্পের চেয়ে বেশি, যেখানে সুবিধাভোগীরা প্রতি মাসে ১,৫০০ টাকা পেতেন। এছাড়াও, বিজেপি তরুণদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করার জন্য এককালীন ১৫,০০০ টাকা অনুদানের প্রতিশ্রুতি দিয়েছিল। তবে, এই সুবিধাটি বাস্তবায়নের বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। মনে করা হচ্ছে, রাজ্য বাজেটে এই নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে সরকার।
সরকারি কর্মীদের জন্য জরুরি খবর
এদিকে বেকারদের পাশাপাশি বাজেটে সরকার সরকারি কর্মীদের নিয়েও কোনও ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে। মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে জট কাটতে পারে। সরকারি কর্মীরা আশাবাদী, সরকার ডিএ বৃদ্ধির ঘোষণা করবে। যদিও সরকারের ঘর থেকে এই সংক্রান্ত কোনও কিছু তেমন বলা হয়নি। সূত্রের খবর, শিল্প, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো সম্প্রসারণ, কৃষি এবং রাজস্ব পুনরুদ্ধারের মতো খাতগুলো বাজেট প্রস্তাবে বিশেষভাবে স্থান পাওয়ার সম্ভাবনা রয়েছে।










