সৌভিক মুখার্জী, কলকাতা: মারুতি সুজুকি (Maruti Suzuki) এবার তাদের জনপ্রিয় প্রিমিয়াম হ্যাচব্যাক Baleno-তে বিরাট আপডেট নিয়ে এল। 2026 সালের নতুন এই মডেলের এক্স শোরুম দাম শুরু হচ্ছে মাত্র 6.10 লক্ষ টাকা থেকে। এমনকি কোম্পানিটি শুধুমাত্র গাড়ির বাহ্যিক রূপ পরিবর্তন করেনি, বরং ভেতরের ডিজাইনেও আনা হয়েছে একাধিক পরিবর্তন। নতুন মডেলে 3 সিলিন্ডারের পেট্রোল ইঞ্জিনের পাশাপাশি উন্নত সেফটি ফিচারসহ আরও বেশ কিছু প্রযুক্তি যুক্ত করা হয়েছে।
নয়া রূপে বাজারে এল মারুতি সুজুকি Baleno
নতুন এই Baleno এর সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হল এর লেভেল 2 এডিএএস। এই নিরাপত্তা ফিচার এই সেগমেন্টের যে কোনও গাড়ির মধ্যে এটিই প্রথম। এমনকি কোম্পানি এর পাওয়ারট্রেনেও এনেছে বেশ কিছু পরিবর্তন। নতুন এই মডেলে এখন মারুতির সাম্প্রতিক লঞ্চ হওয়া বেশ কিছু মডেলের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এমনকি এই গাড়িটি দেখতে আরও আকর্ষণীয় হওয়ার পাশাপাশি ফিচারের দিক থেকে এই সেগমেন্টের অন্যান্য গাড়ির তুলনায় অনেকটাই এগিয়ে। বিশেষ করে যারা মধ্যবিত্ত বাজেটের মধ্যে গাড়ির খোঁজ করছেন, তাদের জন্য এই মডেল একেবারে সেরা।
একাধিক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, নতুন এই Baleno-তে একটি নতুন 1.2 লিটার 3 সিলিন্ডার, ন্যাচারালি অ্যাসপিরিটেড পেট্রোল ইঞ্জিন রয়েছে। মারুতি সুজুকি নতুন প্রজন্মের সুইফট এবং ডিজায়ারেও এই ইঞ্জিনটি ব্যবহার করে থাকে। এছাড়া টার্বো চার্জার ব্যবহার না করে মারুতি এখন ন্যাচারালি অ্যাসপিরিটেড পেট্রোল সেটআপের উপরেই বেশি নির্ভর করছে। আর এই নতুন ইঞ্জিনটি শহরের দৈনন্দিন যাতায়াতের জন্য একদিকে যেমন জ্বালানি সাশ্রয় করবে, অন্যদিকে সেরা অভিজ্ঞতা দেবে। জানলে অবাক হবেন, এই গাড়ির ইনটেরিয়ার এবং এক্সটেরিয়র, সবেতেই নতুনত্বের চমক দিয়েছে মারুতি।
আরও পড়ুন: নকলের ভিড়ে চোখের দেখাতেই চিনে নিন আসল ইলিশ, রইল সেরা টিপস
কোম্পানি এই গাড়ির কেবিনকে আরও আরামদায়ক এবং আধুনিক করে তুলেছে। এছাড়া কুলিং প্রযুক্তিসহ একটি ওয়্যারলেস চার্জিং প্যাড যুক্ত করা হয়েছে এই গাড়িতে। ফলে দীর্ঘক্ষণ স্মার্টফোন চার্জ দিলেও গাড়ি গরম হবে না। এছাড়া বিনোদনের জন্য যুক্ত করা হয়েছে শক্তিশালী অডিও সিস্টেম। পাশাপাশি সামনের আসনগুলিতে রয়েছে ভেন্টিলেশনের ব্যবস্থা। আর আগেই বলেছি, এই গাড়িতে লেভেল 2 এডিএএস প্রযুক্তি যুক্ত করা হয়েছে, যা এই সেগমেন্টের মধ্যে প্রথম। এর পাশাপাশি ক্রুজ কন্ট্রোল থেকে শুরু করে 6টি এয়ারব্যাগ, এবিএস এবং ইবিডি ব্রেকিং সিস্টেম যুক্ত করা হয়েছে। তাই মধ্যবিত্তের বাজেটে দাম থাকায় এই মডেল যে বাজার কাঁপাবে তা বলার অপেক্ষা রাখে না।










